আট বোর্ডেই পাসের হার ও জিপিএ-৫ কমেছে
২০১৫ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ আটটি শিক্ষা বোর্ডেই পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
এবার দেশের ১০টি শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
ঢাকা শিক্ষা বোর্ডে এ বছর পাসের ৮৮ দশমিক ৬৫ শতাংশ। গত বছর পাস করেছিল ৯৩ দশমিক ৯৪ শতাংশ। এবার বোর্ডগুলোর মধ্যে সব চেয়ে বেশি জিপিএ-৫ কমেছে ঢাকা শিক্ষা বোর্ডে। বোর্ডটি থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৮০১ জন, গত বছর পেয়েছিল ৪৬ হাজার ৭৯৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ, গত বছর ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন, গত বছর পেয়েছিল ১৯ হাজার ৮১৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৪ দশমিক ২২ শতাংশ, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন গত বছর পেয়েছিল ১০ হাজার ৯৪৫ জন।
যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ২ শতাংশ, গত বছর ছিল ৯২ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১৮১ জন, গত বছর পেয়েছিল ১০ হাজার ৯৪৪ জন।
দশটি শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে সব চেয়ে বেশি। এ বছর বোর্ডটিতে পাসের হার ৮২ দশমিক ৭৭ শতাংশ। গত বছর ছিল ৯১ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন, গত বছর পেয়েছিল ১০ হাজার ৮৮৪ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ, গত বছর ছিল ৯০ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৭১ জন, গত বছর পেয়েছিল ৪ হাজার ৭৬২ জন।
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ, গত বছর ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৫২ জন, গত বছর পেয়েছিল ৩ হাজার ৩৪১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৫০ শতাংশ, গত বছর ছিল ৯৩ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮৮৪ জন, গত বছর পেয়েছিল ১৪ হাজার ৮৮৭ জন।
সাধারণ আট শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যা কমলেও কারিগরি শিক্ষা বোর্ডে বেড়েছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বাড়লেও জিপিও-৫ এ সংখ্যা কমেছে।
কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৩ দশমিক ১ শতাংশ, গত বছর ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৩২ জন, গত বছর পেয়েছিল ৫ হাজার ৯৫০ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ, গত বছর ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৩৩৮ জন, গত বছর পেয়েছিল ১৪ হাজার ১৩ জন।