আঠারো সংগঠন, আবারও একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ফেয়ারের মঞ্চে শিক্ষার্থীদের ফ্যাশন শো। ছবি: অর্ণব সারোয়ার
ক্লাব ফেয়ারের মঞ্চে শিক্ষার্থীদের ফ্যাশন শো। ছবি: অর্ণব সারোয়ার

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সবগুলো সংগঠনের নাম বলতে হলে শুরুতে একটা লম্বা দম নেওয়া প্রয়োজন! সাংস্কৃতিক সংগঠন, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, অ্যাথলেটিকস ক্লাব, সিনে অ্যান্ড ড্রামা ক্লাব, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব, কমিউনিকেশন ক্লাব, আর্থ ক্লাব, ইথিক্স ক্লাব, ফাইন্যান্স ক্লাব, হিউম্যান রিসোর্স ক্লাব, মার্কেটিং ক্লাব, এমবিএ ক্লাব, মডেল ইউএন ক্লাব, ফার্মাসিউটিক্যাল ক্লাব, পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্স ক্লাব, সোশ্যাল সার্ভিস ক্লাব, ইয়ং ইকোনমিস্ট ক্লাব ও ইয়ং এন্ট্রাপ্রেনারস সোসাইটি—এই ১৮টি সংগঠন মিলে ৩১ অক্টোবর ক্যাম্পাসে আয়োজন করেছিল ‘ক্লাব ফেয়ার ২০১৫’।
একেকটা ক্লাবের কাজের ধরন একেক রকম। তবু নিজেদের মধ্যে ছিল ভেতরে ভেতরে কাজ করে ভালো কিছু করার ‘চাপা প্রতিযোগিতা’। ক্যাম্পাসের সীমানা পেরিয়ে নিজেদের সুনাম ছড়িয়ে দিতে সারা বছরই তাঁরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

মঞ্চ মাতিয়েছিল শিক্ষার্থীদের গানের দল মায়ানহর
মঞ্চ মাতিয়েছিল শিক্ষার্থীদের গানের দল মায়ানহর

প্রতিবছর ক্লাব ফেয়ারের সুযোগে ১৮টি সংগঠন দাঁড়ায় এক ছাতার নিচে। বিভিন্ন কারণে গত তিন বছর ক্লাব ফেয়ার হয়নি। তাই এবারের আয়োজনের ‘থিম’ ছিল রিবর্ন বা পুনর্জন্ম। বেলা ১১টায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয়েছে রাত নয়টায়। মাঝে নাচ, গান, নাটক, ফ্যাশন শো, লেজার শো...সবশেষে নেমেসিস ব্যান্ডের গান, পুরোটা সময় শিক্ষার্থীদের মাতিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের ‘প্লাজা এরিয়া’য় বসেছিল ১৮টি সংগঠনের ভিন্ন ভিন্ন স্টল। কাদের স্টল বেশি আকর্ষণীয় হলো, মঞ্চে কোন সংগঠনের সদস্যরা ছিলেন বেশি প্রাণবন্ত, এই নিয়েও হয়ে গেল এক অঘোষিত প্রতিযোগিতা!
মেলার অন্যতম আয়োজক, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবরার ফয়সাল বলছিলেন, ‘যেহেতু তিন বছর পর ক্লাব ফেয়ার হলো, আমাদের মধ্যেও রোমাঞ্চটা খুব বেশি কাজ করছে। সব ক্লাব মিলে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসটাকে সাজাতে চেষ্টা করেছি।’ আবরারদের চেষ্টা যে সফল, বোঝা গেল বিবিএ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারজানা আহমেদের কথায়, ‘আমার মনে হয়, এবারের ক্লাব ফেয়ার অন্য সববারের চেয়ে ভালো হয়েছে। আর কদিন পরই বিশ্ববিদ্যালয় ছেড়ে যাব। শেষ সময়ে বন্ধুদের সঙ্গে এই এক দিনের উৎসবটা খুব দরকার ছিল।’
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ কাসেম। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌড় গোবিন্দ গোস্বামী, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. এমদাদুল হক ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সঙ্গে উৎসবে শামিল হয়েছেন।

সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা
সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা