আত্মবিশ্বাস বাড়াও, সাফল্য আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনে ভালো কোনো কিছু হঠাত্ করে তেমন একটা আসতে চায় না। কিন্তু কত খারাপ ব্যাপারই ছোট এ জীবনে ঘটে থাকে, তাই না? এই যেমন ধরো পরীক্ষা। নতুন বছরের প্রথম পরীক্ষা। আমাদের কি আর তোমাদের পরীক্ষা সম্পর্কে বেশি বেশি জ্ঞানের কথা বলতে ইচ্ছে করছে? কিন্তু ওই যে পরীক্ষা—তোমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অতএব এ ছাড়া আর উপায় কী? চলো, এসএসসি পরীক্ষা নিয়ে তোমাদের যেটুকু ভয় আছে, টেনশন আছে তা একটু ভাগ করে নিই। জান তো, পরীক্ষার টেনশন হচ্ছে তেঁতুলের আচার কিংবা কাঁচা আমের মতো। অন্যকে একটু না দিলে ঠিক জমে না। তোমরা বরং তোমাদের যত টেনশন, পরীক্ষা নিয়ে যত খারাপ লাগা, যত ভয় যত দুঃখ—সব আমাদের দিয়ে দাও। আর আমাদের যত সাহস, যত মনের জোর, যত রকম পরীক্ষা দেওয়ার টিপস জানা আছে, তোমাদের দিয়ে দেব।এখন একটু কঠিন সময় যাচ্ছে যাদের এসএসসি পরীক্ষা। হাতে আছে ছয় দিন। আর পরীক্ষা শেষ হতে প্রায় এক মাস।তাই প্রথমেই যেটা করতে হবে তা হচ্ছে মনকে বোঝানো—যত আনন্দ সবকিছু পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভুলে যেতে হবে। এই তো মাত্র কয়েকটা দিন, এটুকু সময় নিজের মনকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারবে না? এই মনকে নিয়ন্ত্রণে কাজটা যদি করে ফেলতে পার, তাহলে দেখবে, পরীক্ষার ভয়ের ৮০ ভাগ সামাল দিতে পেরেছ। পরীক্ষা নিয়ে টেনশন করবে না। ভয়ও পাবে না। তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছ তা-ই ঠিক—এ বিশ্বাস রাখবে মনে মনে। দিনের কোনো একটা সময় একটু বিশ্রাম নেবে। ঠিকমতো ঘুম না হলে শরীর বিগড়ে যায়। তাই ভালো করে ঘুমাও। শুধু রাত জাগলেই ভালো ছাত্র হওয়া যায় না, আর হলে খাওয়া কয়েকটি দিন বন্ধ রাখো, এই কয়েকটা নিয়ম পরীক্ষার আগে থেকে মেনে চললে শরীর নিয়ে আর ভাবতে হবে না। শরীর ভালো থাকলে সুস্থ থাকলে এমনিতেই পড়াশোনা এগিয়ে যায়। পড়াশোনার কৌশল: রিভিশন, রিভিশন, রিভিশন। রিভিশন করা অধ্যায়গুলোয় প্রতিদিন একবার করে চোখ বুলিয়ে নাও। প্রয়োজনে একটা খাতায় জরুরি পয়েন্টগুলো লিখে রাখবে। সারাক্ষণ শুধু পড়ার বই নিয়ে বসে থাকবে না। পড়া শেষ হয়ে গেলে মনে মনে ভাববে কী পড়লে। কী পড়েছ তা আটকে গেলে বই দেখে নাও। পড়াটাকে কয়েক ভাগে ভাগ করে নাও। নিজেকে নির্দিষ্ট সময় বেঁধে দাও। একটা ভাগ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করো। ঠিকমতো পড়া হবে, আত্মবিশ্বাস বাড়বে। ঘরে যখন প্রশ্নপত্র সমাধান করবে, তখন ঘড়ি দেখে সময় মেনে তা করবে।পরীক্ষায় কী ধরনের উত্তর প্রথমে লিখবে সেটা আগেই ঠিক করে নাও। বন্ধুদের সঙ্গে একটু গল্প করলে বা কিংবা পড়তে পড়তে হঠাত্ ঘুমিয়ে পড়লে নিজেকে দোষ দিয়ো না। এটা নিয়ে ভাবলে পড়া এগোবে না।পড়ার সময় অন্য বিষয়ের কথা ভাববে না। তা হলে কিন্তু কোনোটাই হবে না। তোমাকে সবচেয়ে ভালো চেন এবং জান তুমি নিজেই। সবারই নিজস্ব একটা অভ্যাস থাকে, যেভাবে পড়াশোনা সবচেয়ে ভালো হয়, নিজের মনকে ফাঁকি না দিয়ে সে পদ্ধতিতে তোমার পড়াটা তৈরি করে ফেল। আস্থা রাখ নিজের প্রতি: দশম শ্রেণীর পড়াশোনা শেষ করেছ। ফলাফল তো ভালোই করেছ। তাই না! এখন এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছো। এখন নিশ্চয়ই এই সিলেবাসটা নিয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা তোমার আছে বলেই উঠেছ। মনে রেখো সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা তোমার আছে। অযথা নার্ভাস হয়ো না, পরীক্ষা নিয়ে টেনশন করো না। মনে রেখ বাস্তবতা: তুমি পড়াশোনাকে যতটা সময় দেবে, পড়াশোনাও তোমাকে ততটাই সাফল্য এনে দেবে। তুমি যদি ৭০ শতাংশ পড়ো আর ৩০ শতাংশ ফাঁকি দাও অথচ ভাব যে ৯০ শতাংশ নম্বর পাবে, তাহলে সেটা হবে অবাস্তব। আবার, তুমি অঙ্ক ভালো পার না, কিন্তু ঠিক করেছ অঙ্কে তোমায় ৯৮ পেতেই হবে। পরীক্ষা শেষে দেখা গেল অঙ্কের পেছনে বেশি সময় দিয়েও ৭০-এর বেশি পেলে না। হয়তো সামাজিক বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞানে তুমি ভালো। তাহলে বাড়তি সময়টুকু সামাজিক বিজ্ঞান বা সাধারণ বিজ্ঞানের জন্য পরিশ্রম করো। দেখবে তোমার নম্বর বেড়ে গেছে এ বিষয়ে।একা নও তুমি: ভয় পেলে, নার্ভাস হলে, পড়া আটকে গেলে, সবকিছুই নিজের মধ্যে গোপন করে নিজেই সমাধান করার চেষ্টা কোরো না। পড়া না বুঝলে গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষককে জিজ্ঞেস করো, সাহায্য নাও। কিংবা ক্লাসের কোনো বন্ধুকে বলো। তাকে বলো, যে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিতে পারবে। আর, যখন নার্ভাস লাগছে, তখন বাবা কিংবা মাকে বলো, ‘ভয় করছে’। মা এমনভাবে তোমায় জড়িয়ে ধরবেন, বাবা হয়তো মাথায় হাত বুলিয়ে দেবেন, নিজেকে আর একা মনে হবে না। ভয়টাও কেটে যাবে খুব দ্রুত। পরীক্ষাই সবকিছু নয়: একটু অন্য রকম শোনালেও কথাটা সত্যি। পরীক্ষার নম্বর তোমার ভবিষ্যত্ উচ্চশিক্ষা গ্রহণে নিশ্চয়ই সাহায্য করবে। তাই বলে পরীক্ষা বা উচ্চশিক্ষাই শেষকথা নয়। বিখ্যাত কোনো মানুষের উদাহরণ নিয়ে টানাটানির দরকার নেই। তোমার-আমার চারপাশেই এমন অনেক সফল মানুষ আছেন, যাঁদের অনেকেই হয়তো পরীক্ষায় মোটেই ভালো ফলাফল করেননি।আর, পরীক্ষার দিনের জন্য যেসব প্রস্তুতি নিতে হয় সে তো তোমাদের জানা। যেমন ধরো, পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, বলপয়েন্ট কলম-পেনসিলসহ দরকারি সব গুছিয়ে রাখা।আগের দিন বেশি রাত জেগে পড়াশোনা করবে না। রাতে পর্যাপ্ত ঘুম না হলে তোমার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে না। আরও নার্ভাস লাগবে। পরীক্ষার হলে অবশ্যই আধঘণ্টা আগে যেতে চেষ্টা করবে। কী কী প্রশ্ন আসতে পারে, অন্যরা কে কী পড়েছে, তুমি কেন সেটা পড়নি ইত্যাদি কিন্তু পরীক্ষা শুরুর আগে এসব নিয়ে একদম আলোচনা কোরো না। তাতে টেনশন বাড়তে পারে। যদি এ রকম কেউ বলে তা কোনোভাবে কানে নেবে না। তুমি তোমার মতোই প্রস্তুতি নাও। দেখবে পরীক্ষায় সাফল্য আসবেই।