আনোয়ারুলকে সভাপতি ও কাওছারকে মহাসচিব করে ঢাবি অ্যালামনাইয়ের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। মহাসচিব হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভায় (২০১৯-২২) সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে এম আবুল কাশেম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার শরীফ লুৎফর রহমান ও আবদুর রহমান সরদার। আনোয়ারুল অ্যালামনাইয়ের সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি আর কাওছার জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

আনোয়ারুল আলম চৌধুরীকে সভাপতি ও মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে মহাসচিব করে গঠিত এই কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন শাইখ সিরাজ। সহসভাপতি হয়েছেন সেলিমা খাতুন, মোহাম্মদ নূর আলী ও আশরাফুল হক মুকুল। কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন সুভাষ সিংহ রায় ও এ কে এম আফজালুর রহমান বাবু। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন শেখ সালাউদ্দিন আহম্মেদ। কোষাধ্যক্ষ হয়েছেন মাহবুব হোসেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, শিক্ষা ও গ্রন্থাগার সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, দপ্তর সম্পাদক মো. শরিফুর রহমান, আইন সম্পাদক মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসিরুদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।