
চোখ ঝলসানো নিউইয়র্ক শহরে পা রাখার পরই আফরোজা সুলতানার মনে পড়ে গেল ১০ বছর আগের একটা দিনের কথা। সেদিন প্রথমবারের মতো নিউইয়র্ক এসেছিলেন তিনি। কত ছোট ছিলেন তখন। মাত্র নবম শ্রেণিতে পড়তেন। যুক্তরাষ্ট্রের একটা স্কলারশিপ নিয়ে ইন্টারন্যাশনাল স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়তে এসেছিলেন এই নিউইয়র্ক শহরেরই। সেবার ছিলেন পুরো এক বছর।
এবার অবশ্য গেছেন মাত্র দুদিনের জন্য। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসোশ্যাল ইয়ুথ সম্মেলনে অংশগ্রহণের জন্য। ১০ বছর আগের নিউইয়র্কের সঙ্গে এখনকার নিউইয়র্ক মেলাতে পারেন না। কত পরিবর্তন!
এ বছরের ২ ফেব্রুয়ারি আফরোজা দ্বিতীয়বারের মতো গিয়েছিলেন নিউইয়র্কে। জাতিসংঘ সদর দপ্তরের সেই সম্মেলনে যোগ দেওয়া সারা বিশ্বের ৩০০ জন তরুণের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেই সম্মেলনের গল্প যখন করছিলেন, আফরোজার মনে হচ্ছিল যেন গতকালের ঘটনা। আমরা সেদিন শুনেছিলাম আফরোজার জীবনের আরও নানা গল্প।
আফরোজা পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। স্নাতক পর্যায়ের চতুর্থ বর্ষ পাড়ি দিচ্ছেন তিনি। তার আগে এসএসসি ও এইচএসসির বৈতরণি পার করেছেন টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের সুতি জিএম পাইলট হাইস্কুল থেকে এসএসসি সম্পন্ন করেছেন সব বিষয়ে জিপিএ-৫ নিয়ে। আর এইচএসসি সম্পন্ন করেছেন টাঙ্গাইলের গোপালপুর কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েই মেধাতালিকায় হয়েছেন দ্বিতীয়। আর কালবিলম্ব না করে ভর্তি হয়েছেন তাঁর পছন্দের বিষয় ইংরেজি বিভাগে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শুধু একাডেমিক পড়ালেখা নিয়েই মেতে থাকলেন না, যুক্ত হয়ে পড়েন নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে। তরুণদের নিয়ে ‘ইয়ুথ ভয়েজ’ নামে একটি অনুষ্ঠান শুরু করেন রাজশাহীর কমিউনিটি রেডিও স্টেশন রেডিও পদ্মায়। এই অনুষ্ঠান করার সুবাদে সাত দিনের এক কর্মশালায় অংশ নিতে চলে যান যুক্তরাজ্যে। সেটা এ বছরের জানুয়ারির কথা। সেই কর্মশালায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। তিনি বাংলাদেশি মেয়েদের অগ্রযাত্রার প্রশংসা করছিলেন। সেই স্মৃতি সত্যিই ভোলার নয়। বলছিলেন আফরোজা।
এই মেধাবী শিক্ষার্থী এখন কাজ করছেন ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ‘অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ’ কার্যক্রমে। তিনি বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের এই প্রোগ্রামে আমি প্রশিক্ষক হিসেবে কাজ করছি।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, পড়াশোনা শেষে তিনি উন্নয়ন সংস্থায় নিজের ক্যারিয়ার গড়তে চান। ‘সে ক্ষেত্রে ইয়ুথ কনসালট্যান্ট অথবা মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমি।’ বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই প্রিয় মুখ।