আবদুল কাদির মোল্লা কলেজের ভালো ফল

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা এবারও এইচএসসিতে ভালো ফল করেছেন। এ কলেজের ৪৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮০ জন।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এ কলেজ গত তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে। এ বছর সেরাদের তালিকা হয়নি। তবে এ কলেজের শিক্ষার্থীরা ভালো করেছে। বেলা দুইটায় ফলাফলের খবর পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
গতকাল রোববার প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের বিবরণ অনুযায়ী, এ বছর এ কলেজ থেকে মোট ৪৪৭ জন পরীক্ষায় অংশ নেন। এঁরা সবাই পাস করেন। এঁদের ৩৮০ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৮১ জন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৭৩ জন অংশ নিয়ে ১৫৭ জন এবং মানবিক শাখা থেকে ৮২ জন অংশ নিয়ে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। শিক্ষার্থীদের ২৭০ জন মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। অধ্যক্ষ মশিউর রহমান মৃধা প্রথম আলোকে বলেন, ‘কলেজের এ সাফল্য শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার সেতুবন্ধের ফসল।’