
গত বছরের অক্টোবরের কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বসেছিল ‘আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব, ২০১৬’। ভিন্নধর্মী এই আয়োজনের আয়োজক ছিল আবৃত্তিকে ভালোবেসে গড়ে তোলা বুয়েটের শিক্ষার্থীদের সংগঠন ‘কণ্ঠ্যঃবুয়েট’।
১৯৯৭ সালের ২৮ অক্টোবর নাট্যদল ‘বুয়েট ড্রামা সোসাইটি’ ও সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা: বুয়েট’-এর সঙ্গে যাত্রা শুরু করেছিল আবৃত্তির সংগঠন কণ্ঠ্যঃবুয়েট। শুরুতে বেশ কিছুদিন কাজ করার পর ধীরে ধীরে স্থবির হয়ে আসে সংগঠনটির কার্যকলাপ। পরে ২০১১ সালে আবৃত্তি-অনুরাগী কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে এটি পুনরায় সংগঠিত হয়।
কথায় কথায় কণ্ঠ্যঃবুয়েটের সভাপতি কেমিকৌশল বিভাগের শেখ মৌমিতা মঞ্জুর বলেন, নতুনভাবে শুরু করার পর থেকেই কণ্ঠ্য-এর বিভিন্ন উদ্যোগ প্রশংসা পেয়েছে। এর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আবৃত্তির অনুষ্ঠান, কর্মশালা, আবৃত্তি-আড্ডা, বিভিন্ন পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতা, নিয়মিত আবৃত্তি প্রযোজনার মঞ্চায়ন ইত্যাদি। ২০১১ সাল থেকে এ পর্যন্ত সংগঠনটি আয়োজন করেছে দুটি আন্তবুয়েট আবৃত্তি প্রতিযোগিতা, একটি আন্তবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা এবং দুটি আবৃত্তি উৎসব। মঞ্চস্থ হয়েছে দুটি আবৃত্তি প্রযোজনা—কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘নিষ্কৃতি’ এবং মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লেখা কবিতা ‘অরুণোদয়ের ঊষা’। এর বাইরে দলের নিয়মিত সভায় কবিতাপাঠ ও সাহিত্যবিষয়ক আলোচনা হয় বলে তিনি জানান।
অক্টোবরে হয়ে যাওয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তিশিল্পীরা। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়টি দলের পরিবেশনা। আয়োজক বুয়েট ছাড়া বাকি দলগুলোর মধ্যে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি প্রভৃতি। এই দুই দিনে বিতর্কপ্রেমী প্রায় দেড় শ মানুষের এক মিলনমেলায় পরিণত হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন।
আবৃত্তির উৎসব আয়োজনের সময় পেছনের ভাবনাটা কী থাকে—প্রশ্নের উত্তরে মৌমিতা বলেন, ‘আবৃত্তিপ্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। তবু কেন জানি এই মানুষগুলোর একসঙ্গে হওয়া হয়ে ওঠে না। তাই এই মানুষগুলোকে এক করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবৃত্তির সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যেই আমরা এই আয়োজনগুলো করি।’ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবৃত্তিশিল্পীরাও কণ্ঠ্যঃবুয়েটের আমন্ত্রণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাই সংগঠনটির কর্মীদের ভালো লাগাটা বেড়ে যায় আরও অনেকখানি। সাধারণ সম্পাদক, স্থাপত্যের ছাত্রী নামী পারভীন বলছিলেন, ‘পড়াশোনা, ক্লাস, পরীক্ষা—এত কিছুর ভিড়েও আবৃত্তিকে ভালোবেসে আমরা যে সময় দিতে পারি, এটাই একটা বড় পাওয়া।’
মৌমিতা আরও বলেন, বুয়েটে পড়াশোনার পাশাপাশি সুকুমারবৃত্তির চর্চার জন্য বেশ কয়েকটা সাংস্কৃতিক সংগঠন আছে। কণ্ঠ্যঃবুয়েট গঠনের মূল উদ্দেশ্য ছিল কবিতা আবৃত্তি ও সাহিত্যচর্চার একটা কেন্দ্র তৈরি করা।