আরও ১ লাখ ৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ে এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। এ পর্যায়ে আবেদন করেছিল এক লাখ নয় হাজার ১৪৬ শিক্ষার্থী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় গতকাল শনিবার তৃতীয় পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পর্যায়ে মনোনীত সব শিক্ষার্থীকে আজ রোববার ভর্তি হতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, তৃতীয় পর্যায়ে আবেদনকারীদের মধ্যে ৫০৭ জন কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রমতে প্রথম দফায় যে ১১ লাখ ৫৬ হাজার ২৫৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছিল, তাদের মধ্যে প্রথম দফায় নয় লাখ ৩৭ হাজার ও দ্বিতীয় দফায় আরও প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। এখন তৃতীয় পর্যায়ে মনোনীত হওয়া সব শিক্ষার্থী ভর্তি হলেও আরও প্রায় এক লাখ শিক্ষার্থী ভর্তির বাইরে থেকে যাবে। এদের মধ্যে অবশ্য প্রথম দফায় বিভিন্ন কলেজ পাওয়া অসংখ্য শিক্ষার্থীও রয়েছে, যারা মনোনীত হয়েও ভর্তি হয়নি।