আরেক সাফল্য আবদুল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে আবদুল্লাহ। ছবি: তৌহিদী হাসান
মায়ের সঙ্গে আবদুল্লাহ। ছবি: তৌহিদী হাসান

অদম্য মায়ের মেধাবী ছেলে আবদুল্লাহ আল শাইম মেধার ছাপ রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তাঁর মেধাক্রম ৩৪০৩।

গতকাল মঙ্গলবার এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিন হাজার ৮৭৪ জন পাস করেন। পাসের হার ৯ দশমিক ৫৫ শতাংশ।

আবেগে আপ্লুত আবদুল্লাহ আজ বুধবার এই প্রতিনিধিকে ফোন করে বলেন, ‘হ্যালো ভাইয়া, আমি পাস করেছি। আমার সিরিয়াল ৩৪০৩। স্কোর হয়েছে ১১৭ দশমিক ১০। পাস নম্বর ছিল ৪৮। পেয়েছি ৪৮ দশমিক ৬০। আশা করছি, প্রতিবন্ধী কোটায় যেকোনো বিষয়ে ভর্তি হতে পারব ইনশাআল্লাহ।’

সবার কাছে দোয়া চেয়ে আবদুল্লাহ বলেন, ‘আমি একজন দৃষ্টিহারা হয়েও এত কম শতাংশ (৯ দশমিক ৫৫) পাসের মধ্যে আছি, এটা অনেক বড় পাওয়া। সবাই দোয়া করবেন, যেন ভালো একটা বিষয়ে ভর্তি হতে পারি।’

আবদুল্লাহর অদম্য মা চায়না খাতুন বলেন, ‘আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সবার দোয়া ও সহযোগিতায় আমি কৃতজ্ঞ।’

গত ২০ আগস্ট ‘প্রথম আলো’তে এই মেধাবী ছেলে ও তাঁর অদম্য মায়ের জীবনযুদ্ধের খবর প্রকাশিত হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামে প্রতি রাতে ক্লান্তিহীনভাবে পড়াশোনা চলত এই মা ও ছেলের। সশব্দে ছেলের পাঠ্যবইয়ের প্রতিটি বাক্য পড়তেন মা। তা রেকর্ড হতো মুঠোফোনে। মুঠোফোনে ওই রেকর্ড মন দিয়ে শুনতেন দৃষ্টিহীন ছেলে আবদুল্লাহ। এটিই তাঁর পড়ার একমাত্র উপায়। পরিশ্রম বৃথা যায়নি। এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান আবদুল্লাহ।

প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া। আর মাস্টার্স শেষ করে শিক্ষকতা করতে চাই।’