আ.লীগ সরকার দেশে অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে, বলল বাম ছাত্রসংগঠনগুলো
আশুলিয়ার কলেজশিক্ষক হত্যা ও নড়াইলের শিক্ষক নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এসব দলের নেতারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাম্প্রদায়িক নীতির কারণে দেশের শিক্ষার্থীদের মগজে ফ্যাসিবাদ দানা বাঁধছে৷ তারা দেশে এমন এক অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে, যেখানে শিক্ষকসহ কোনো মানুষই নিরাপদ নন৷
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের যাত্রীছাউনির সামনে বামপন্থী ৯টি ছাত্রসংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়৷ সমাবেশ থেকে সব নাগরিকের নিরাপত্তা, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় মদদে সাম্প্রদায়িক ও ঘৃণার রাজনীতি রুখে দেওয়ার দাবিও জানানো হয়৷
সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘদিন ধরে দেশে শিক্ষক নিপীড়ন-নির্যাতন চলছে৷ নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা কোনো ছোট বা ঠুনকো ব্যাপার নয়৷ দেশে দিনে দিনে সাম্প্রদায়িক আবহ তৈরি করা হয়েছে৷ সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দরকার অ্যাবসলিউট পাওয়ার (নিরঙ্কুশ ক্ষমতা)। পুলিশ-প্রশাসন দিয়ে তারা ক্ষমতায় আছে।
ছাত্রলীগ-যুবলীগের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার৷ তিনি বলেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে৷ শিক্ষাকে ধ্বংস করার জন্য বর্তমান ফ্যাসিবাদী সরকার প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চাইছে৷ পাঠ্যপুস্তকে প্রতিক্রিয়াশীল বিষয়বস্তু যুক্ত করা হয়েছে৷ সব মিলিয়ে শিক্ষার্থীদের মগজে ফ্যাসিবাদ দানা বাঁধছে৷ এই সরকারের লোকজন দেশের কিশোরদের বিপথগামী করছে৷
সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের অনুমতির বাইরে দেশের কোথাও একটি গাছের পাতা পর্যন্ত ছেঁড়া যায় না৷ ফলে নড়াইলে যখন একজন অধ্যক্ষের গলায় জুতার মালা পরানো হয়, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে স্থানীয় আওয়ামী লীগের প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটেনি।
ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু বলেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ আঁতাত করে যে বাংলাদেশ তৈরি করছে, তা স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক৷ আওয়ামী লীগের তৈরি করা অনিরাপদ দেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না৷ ফলে সমাজ এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে পতিত হচ্ছে৷ সমাজে শিক্ষকেরা যখন নিরাপত্তাহীন, তখন কেউ আর শিক্ষক হতে চাইবে না, ছিঁচকে মাস্তানই হতে চাইবে৷ আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনার নীতিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি৷
ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) দপ্তর ও পাঠাগার সম্পাদক অনুপম রায় রূপক বলেন, শিক্ষক হত্যা ও লাঞ্ছনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ যখন থেকে বাংলাদেশে একটি জবাবদিহি ও ভোটারবিহীন সরকার আবির্ভূত হলো, তখন থেকেই সমাজে জবাবদিহিহীনভাবে নানা ঘটনা ঘটছে৷
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, আজকের বাংলাদেশ একটি আওয়ামী অনুভূতিতান্ত্রিক রাষ্ট্র৷
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) নেতা রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের দপ্তর সম্পাদক সহবত শোভন, পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশীষ চাকমা প্রমুখ বক্তব্য দেন৷
ছাত্রের স্টাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন মারা যান। এর আগে ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুক পেজে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রশাসনের উপস্থিতিতে মাইকে ঘোষণা দিয়ে জুতার মালা পরানো হয়। পুড়িয়ে দেওয়া হয় কলেজের তিন হিন্দু শিক্ষকের মোটরসাইকেল।