আলোর স্পর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেইল বই পড়ে শোনাচ্ছেন রিপা
ব্রেইল বই পড়ে শোনাচ্ছেন রিপা

সাদা কাগজে আঙুল বুলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে শোনাচ্ছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রিপা তাবাসসুম। মগ্ন হয়ে শুনছিলাম সবাই।
২১ ডিসেম্বর। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের জন্য স্পর্শ ব্রেইল প্রকাশনার পক্ষ থেকে ব্রেইল বই ও অডিও সিডি তুলে দেওয়া হয়। সেখানেই দেখা ইডেন মহিলা কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্রী রিপার সঙ্গে।
স্পর্শ ব্রেইল প্রকাশনার প্রধান উদ্যোক্তা ও অনুষ্ঠানের সঞ্চালক নাজিয়া জাবীন বলছিলেন শুরুর কথা, ‘২০০৯ সালে ছড়ার বই ছড়ার তালে মনটা দোলে ব্রেইল প্রকাশনার মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম। এরপর প্রতিবছরই অমর একুশে গ্রন্থমেলায় ব্রেইল বইয়ের একমাত্র প্রকাশনা হিসেবে অংশগ্রহণ করছি। স্টল থেকে বিনা মূল্যে বই সংগ্রহ করতে পারেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। বইমেলায় এসে শুধু ঘুরেফিরে পাঠকের কোলাহল শুনে ফিরে যেতে হয় না তাঁদের। তবে একটি-দুটি বই দিয়ে কি আর সাহিত্যচর্চা সম্ভব? আমাদের প্রয়োজন ব্রেইল গ্রন্থাগার, যেখানে থাকবে অসংখ্য ব্রেইল বই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘স্পর্শ প্রকাশনা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সঙ্গে যুক্ত হয়ে যেমন আন্তরিকতার স্পর্শ দিচ্ছে, তেমনি দিচ্ছে জ্ঞানের স্পর্শ, আলোর স্পর্শ, ভালোবাসার স্পর্শ, দেশপ্রেম ও মানবতার স্পর্শ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন।
ঢাবি গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ সারোয়ার হোসেন খান। বলছিলেন, ‘ব্রেইল পদ্ধতি আমাদের কাছে দৃষ্টিশক্তির পরিপূরক। ব্রেইল পাতার ছয়টি ফোঁটা কতগুলো সংখ্যা নির্দেশ করে, যা আমরা মুখস্থ করে রাখি। কিন্তু অনেক সময় বইটা পড়া বেশ সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে প্রয়োজন এর একটি অডিও ভার্সন। তাতে সুবিধা হলো, দ্রুত টেনে টেনে পড়া যায়। সব রকমের বই-ই দরকারি। আমি চাইব, বছরে অন্তত একটি পাঠ্যবই হলেও যেন তা ব্রেইল ভার্সনের আওতায় আনা হয়। সেই সঙ্গে রেকর্ডকৃত অডিও ভার্সনও যেন থাকে।’
কথা হলো মিরপুর বাঙলা কলেজ থেকে আসা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মো. সাফরান খান ও ইডেন মহিলা কলেজের রেহানা আক্তারের সঙ্গে। সবারই চাওয়া, নিয়মিত আরও বড় আকারে প্রকাশিত হোক ব্রেইল বই।