আলো ছড়ানো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব

সংস্কৃতির আলোয় দূর হবে অন্ধকার, ভাঙবে সমাজের অচলায়তন। গড়ে উঠবে সুন্দর মনের মানুষ। এমন স্বপ্ন নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ২০১৫ সালের সেপ্টেম্বরে গড়ে তোলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ক্লাব। গঠিত হওয়ার পর থেকেই একের পর এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের মুখ দেখছেন এ সংগঠনের সদস্যেরা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নানা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রেখেছে সংগঠনটি।
আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালে স্বীকৃতি পেলেও ২০১০ সাল থেকেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগতভাবে যুক্ত রয়েছে সংস্কৃতিচর্চার সঙ্গে। সাফল্য এসেছে শুরুর পরপরই। ২০১১ সালে উইকিপিডিয়া চট্টগ্রাম আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে রানারআপ এবং ২০১২ সালের অদম্য চট্টগ্রাম উৎসবে তারুণ্যে চট্টগ্রাম প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয় প্রিমিয়ারের শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবারই অংশ নিয়েছেন প্রথম আলো তারুণ্য উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতায়। শুরুতে বলার মতো অর্জন না থাকলেও ক্লাব গঠনের পর সাফল্য আসে। ২০১৫ ও ২০১৬ সালে তারুণ্য উৎসবে চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব।
সাংস্কৃতিক ক্লাব পরিচালনার দায়িত্বে আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা (অ্যাডমিন) পঙ্কজ বিশ্বাস ও বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের প্রভাষক সাইফুদ্দিন মুন্না।
পঙ্কজ বিশ্বাস জানান, শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করতেই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মননশীল হতে সাহায্য করবে। এতে সমাজে গড়ে উঠবে মুক্তচিন্তার মানুষ।
এখন পর্যন্ত সংগঠনের নির্দিষ্ট কোনো কমিটি না থাকলেও সংগঠনে নির্দেশক হিসেবে জালাল উদ্দিন ও কোরিওগ্রাফার হিসেবে বর্ণা বড়ুয়া কাজ করে যাচ্ছেন। তাঁরা দুজনই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এখনো নির্দিষ্ট কোনো কক্ষ বরাদ্দ পাওয়া না গেলেও সংস্কৃতিচর্চা থেমে নেই বলে জানালেন ক্লাবের সদস্য মোস্তফা গালিব।
তিনি বলেন, ‘কখনো শ্রেণিকক্ষে আবার কখনো বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে আড্ডার ফাঁকে চলে সংস্কৃতিচর্চা। মাসে অন্তত দুবার মিলিত হই আমরা। আর কোনো অনুষ্ঠান হলে তো কথাই নেই। অনুষ্ঠানের আগে প্রতিদিনই রিহার্সেল করতে হয়।’
যাত্রার শুরু থেকে এ সংগঠনের উদ্যোগে এখন পর্যন্ত প্রতিটি জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্য তুহিনা আক্তার। সংগঠনের আরেক সদস্য নোবেল মাহাবুব বলেন, ‘প্রিমিয়ারে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানেই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করি।’
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কী? এমন প্রশ্ন করতেই ঝটপট উত্তর দিলেন সংগঠনের সমন্বয়ক পঙ্কজ বিশ্বাস। বললেন, ‘আপাতত লক্ষ্য এ বছরের তারুণ্য উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতার ট্রফিটা জেতা। এর মাধ্যমে আমরা হ্যাটট্রিক করব।’