ইংরেজি-গণিতে এখনো দুর্বল শিক্ষার্থীরা

তিন শ্রেণিতে তিন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করেছে মাউশি। ষষ্ঠ শ্রেণিতে বেশি খারাপ, অষ্টম ও দশমে কিছুটা উন্নতি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা অর্জনে পিছিয়ে আছে। এর মধ্যে ইংরেজিতে বেশি খারাপ। ষষ্ঠ শ্রেণিতে ৬১ শতাংশ শিক্ষার্থীর ইংরেজিতে অবস্থা খারাপ। একই শ্রেণিতে গণিতে ৪৩ শতাংশের খারাপ বা গড়পড়তা অবস্থা। তবে যত ওপরে উঠছে, পরিস্থিতি ভালো হচ্ছে। ষষ্ঠ শ্রেণির তুলনায় অষ্টমে উঠে কিছু ভালো এবং দশমে আরও ভালো করছে। অবশ্য মাতৃভাষা বাংলার পরিস্থিতি তুলনামূলক ভালো।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদারক ও মূল্যায়ন বিভাগের এক গবেষণা প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। দেশের মাধ্যমিক স্তরের এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ, অষ্টম ও দশম—এই তিন শ্রেণির প্রতিটিতে ৩০ হাজার করে শিক্ষার্থীর ওপর গবেষণা চালানো হয়। এর মধ্যে ৮৪৩টি বিদ্যালয় ও ১৫৭টি মাদ্রাসা ছিল।

শিক্ষার্থীদের ওই তিন বিষয়ে মূল্যায়ন পরীক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র করা হয়েছিল। ২০২০ সালের জানুয়ারি ও মার্চে আগের বছরের ওই তিন শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে ‘মাধ্যমিক শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়ন-২০১৯’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করা হয়। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

প্রথমত, ষষ্ঠ শ্রেণির তুলনায় অষ্টম ও দশম শ্রেণিতে ভালো করার একটি কারণ হতে পারে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি এবং দশম শ্রেণির এসএসসি পরীক্ষা।
এস এম হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক

মাউশির তদারক ও মূল্যায়ন বিভাগ প্রতি দুই বছর পর এ ধরনের গবেষণা করে। সদ্য অবসরোত্তর ছুটিতে যাওয়া মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ষষ্ঠ শ্রেণিতে বেশি দুর্বল হলেও শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে উঠে তুলনামূলক ভালো করছে।

আরও পড়ুন

আবার দশম শ্রেণিতে আরও ভালো করছে। ২০১৭ সালের প্রতিবেদনের তুলনায় এবারের প্রতিবেদনে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে অগ্রগতি হয়েছে। অষ্টম শ্রেণির জেএসসি–জেডিসি এবং দশম শ্রেণির এসএসসি ও সমমানের পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা বেশি পড়াশোনা করে। এ কারণে ওপরের শ্রেণিতে ভালো হয়ে থাকতে পারে।

ইংরেজির চিত্র

প্রতিবেদনে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে পাঁচটি স্তরে (ব্যান্ড) ভাগ করে দেখানো হয়েছে। এর মধ্যে ব্যান্ড ২–কে খুবই খারাপ, ব্যান্ড ৩–কে খারাপ বা গড়পড়তা, ব্যান্ড ৩–কে মোটামুটি ভালো, ব্যান্ড ৪–কে ভালো এবং ব্যান্ড ৬–কে খুবই ভালো বলা হচ্ছে।

প্রতিবেদনের তথ্য বলছে, ষষ্ঠ শ্রেণির প্রায় ২৯ শতাংশ শিক্ষার্থীর ইংরেজিতে অবস্থা খুবই খারাপ এবং ৩২ শতাংশ খারাপ বা গড়পড়তা স্তরে আছে। এই দুই স্তর মেলালে ষষ্ঠ শ্রেণিতে ৬১ শতাংশ শিক্ষার্থীর অবস্থা খারাপ বলা যায়। মোটামুটি ভালো স্তরে আছে প্রায় ১৮ শতাংশ। বাকি শিক্ষার্থীরা ভালো ও খুবই ভালো স্তরে আছে।

অষ্টম শ্রেণিতে ইংরেজি বিষয়ে প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থী ব্যান্ড ২ ও ৩ স্তরে আছে। ২৮ শতাংশ মোটামুটি ভালো। এই শ্রেণিতে চার ভাগের প্রায় এক ভাগ খুবই ভালো করেছে। এ বিষয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা তুলনামূলক ভালো। সাড়ে ১২ শতাংশ খারাপ স্তরে। বাকিরা মোটামুটি ভালো, ভালো ও খুবই ভালো।

মাউশির এক কর্মকর্তার মতে, বিদেশি ভাষা হওয়ায় এ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা এখনো খারাপ।

গণিতের অবস্থা

ষষ্ঠ শ্রেণির প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী গণিতে খারাপ অবস্থায় আছে। এর মধ্যে ১৩ শতাংশের অবস্থা খুবই খারাপ। এই শ্রেণিতে মোটামুটি ভালো অবস্থানে আছে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী। খুবই ভালো স্তরে আছে মাত্র ৫ শতাংশ। অষ্টম শ্রেণিতে গণিতে ২২ শতাংশ খারাপ অবস্থায় এবং ৩৬ শতাংশ মোটামুটি ভালো অবস্থায় আছে। বাকিরা ভালো ও খুবই ভালো অবস্থায় আছে। দশম শ্রেণিতে প্রায় ৭ শতাংশের মতো শিক্ষার্থী খারাপ অবস্থায় আছে। এই শ্রেণিতে খুবই খারাপ শিক্ষার্থী প্রায় নেই। ভালো অবস্থায় আছে প্রায় ৩৮ শতাংশ।

বাংলার পরিস্থিতি

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা মাতৃভাষা বাংলায়ও পিছিয়ে আছে। এর মধ্যে চার ভাগের প্রায় এক ভাগ শিক্ষার্থী বাংলা বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। এর মধ্যে প্রায় ৭ শতাংশের অবস্থা খুবই খারাপ। চার ভাগের প্রায় এক ভাগ খুবই ভালো। তবে অষ্টম ও দশম শ্রেণিতে গিয়ে পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। অষ্টম শ্রেণির প্রায় অর্ধেক এবং দশম শ্রেণির প্রায় ৬৪ শতাংশ শিক্ষার্থী বাংলায় খুবই ভালো অবস্থায় আছে।

এগিয়ে রাজাপুর, পিছিয়ে দীঘিনালা

এলাকাভেদে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা এসব বিষয়ে দক্ষতা অর্জনে এগিয়ে আছে। বিপরীতে সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগের শিক্ষার্থীরা। সব বিষয়ে মফস্বলের শিক্ষার্থীদের চেয়ে শহরের শিক্ষার্থীরা এগিয়ে। উপজেলা বিবেচনায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শিক্ষার্থীদের অবস্থা সবচেয়ে ভালো। বিপরীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শিক্ষার্থীরা সবচেয়ে পিছিয়ে।

এগিয়ে থাকা রাজাপুর উপজেলার একটি হচ্ছে গ্রাম এলাকার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে সাড়ে তিন শর মতো শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১২ জন। শিক্ষকেরা খুবই আন্তরিকতা নিয়ে পড়ান। কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে ফোনে খোঁজ নেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের চেয়ে সাধারণ ধারার শিক্ষার্থীরা এই তিন বিষয়ে এগিয়ে আছে। আবার ভাষাগত (বাংলা ও ইংরেজি) দক্ষতার বিচারে ছেলেদের চেয়ে মেয়েরা সামান্য এগিয়ে। তবে গণিতে ছেলে–মেয়েদের অবস্থান সমান।

সবচেয়ে পিছিয়ে থাকা বিদ্যালয়ের একটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি বিজয় চাকমা পিছিয়ে থাকার কারণ হিসেবে অর্থনৈতিক ও ভাষাগত সমস্যা এবং বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবকে দায়ী করলেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন শ শিক্ষার্থী। বিপরীতে শিক্ষক আছেন মাত্র পাঁচজন।

শিক্ষকসংকট দূর করতে হবে

সার্বিক বিষয়ে জানতে চাইলে মূল্যায়ন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথমত, ষষ্ঠ শ্রেণির তুলনায় অষ্টম ও দশম শ্রেণিতে ভালো করার একটি কারণ হতে পারে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি এবং দশম শ্রেণির এসএসসি পরীক্ষা।

তবে তার মানে এই নয় যে অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা রাখতে হবে। দ্বিতীয়ত, ইংরেজি ও গণিতে পর্যাপ্ত শিক্ষক নেই। এ জন্য শিক্ষকের সংকট দূর করতে হবে এবং বিদ্যমান শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যথাযথভাবে কাজে লাগাতে হবে।