ইংরেজির দুই বিষয়ে ফল খারাপ হওয়ায় এবার যশোর শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলে বিপর্যয় ঘটেছে। গত বছরে তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা দুটোই কমে গেছে। ইংরেজি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমীরুল আলম খান বলেন, ‘ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের গুজবে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে। যে কারণে এ বিষয়ে ফল তুলনামূলক খারাপ হয়েছে। যার প্রভাব পড়তে পারে বোর্ডের পুরো ফলাফলেও।’
এবার যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ২৩১ জন শিক্ষার্থী। যেখানে গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৪৯ শতাংশ ও জিপিএ-৫-এর সংখ্যা ছিল চার হাজার ৭৪০।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ইংরেজি প্রথম পত্রে পাসের হার ৫৮ দশমিক ৬৩ ও দ্বিতীয় পত্রে ৭১ দশমিক ৬০ শতাংশ। গত বছরের তুলনায় দুটি বিষয়েই পাসের হার কমে গেছে ৭ থেকে ৮ শতাংশ। এর প্রভাবে বোর্ডের পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা দুটোই কমেছে।
সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের শিক্ষার্থী উম্মে সালমা বলেন, ‘ফাঁস হওয়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। আগের রাতে সব প্রশ্নের সমাধান করে পরদিন পরীক্ষা দিয়েছি। পরীক্ষা খুবই ভালো হয়েছে। তার পরও কেন জিপিএ-৫ পেলাম না, বুঝতে পারছি না।’ একই কলেজের আরেক শিক্ষার্থী মুনিয়া হোসেনের কণ্ঠেও জিপিএ-৫ না পাওয়ার হতাশা। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কারণে আমি জিপিএ-৫ পাইনি। যাঁরা ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তাঁদের প্রায় সবাই জিপিএ-৫ পেয়েছেন। আমি ভালো লেখাপড়া করেও জিপিএ-৫ পেলাম না।’
ফলাফলের বিষয়ে এম এম কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীর ফল ভালো করার সঙ্গে তিনটি পক্ষ—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক জড়িত। অভিভাবক ও শিক্ষার্থী এখন শ্রেণিকক্ষের চেয়ে কোচিং সেন্টারের দিকে বেশি আগ্রহী। তাই শিক্ষার্থীরা গৎবাঁধা কিছু বিষয় আত্মস্থ করে পরীক্ষায় বসছে। প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই তাঁরা আর পারছে না। এ সমস্যা ইংরেজি বিষয়ে বেশি হচ্ছে বলে তিনি মনে করেন।
তবে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ফল বিপর্যয়ের জন্য হরতাল, অবরোধ এবং সহিংসতাও কারণ। চূড়ান্ত পরীক্ষার আগ মুহূর্তে গত বছর অনেক ছেলে-মেয়ে ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেনি। এদিকে নির্বাচনের সময়ে অন্তত চার মাস শিক্ষকেরাও ঠিকমতো কলেজে আসেননি। এতে পাঠদান ব্যাহত হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবছর সিলেবাস পরিবর্তনের ফলে শিক্ষকেরা লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না। প্রশ্নের ধরনও বদল হচ্ছে। এতে সমস্যার সৃষ্টি হচ্ছে।