ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীনবরণ

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে যাত্রা শুরু হলো একদল শিক্ষার্থীর। সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এমবিবিএস দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয় গত ৭ জানুয়ারি। মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এ আয়োজনে সভাপতিত্ব করেন।
চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তীর স্বাগত বক্তব্য শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক সাজ্জাদুর রহমান। নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাও জানান তাঁদের অনুভূতি ও প্রত্যাশার কথা। এ ছাড়া কোর্স কারিকুলাম বর্ণনা করেন অধ্যাপক মুনতাসির ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন।
সবশেষে হাসপাতালের ভিডিওচিত্র প্রদর্শণ করা হয় ও নতুন শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. রাফি সারজিল।