ইউসেপের ৫ স্কুলই শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার এবার কিছুটা বেড়েছে। কিন্তু তাক লাগিয়ে দিয়েছে দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানেরা। ইউসেপ পরিচালিত পাঁচটি স্কুলই ওই বোর্ডে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত পাঁচটি স্থান অধিকার করেছে। ইউসেপের এসব স্কুল থেকে ৩১০ জন শিক্ষার্থী এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেয়, ৩০৬ জনই জিপিএ-৫ পেয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডে গত বছর পাস করেছিল ৮১.৯৭ শতাংশ শিক্ষার্থী, এবার তা ৮৩.১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ওই বোর্ডের ৬ হাজার ৯৩২ জন ছাত্রছাত্রী। গত বছর ওই সংখ্যা ছিল ৫ হাজার ৯৫০ জন।
কারিগরি বোর্ডের এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১০ হাজার ২৮৯ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১ হাজার ৪৫৭ জন।
বোর্ডের সেরা ২০ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউসেপ পরিচালিত প্রতিষ্ঠানগুলো ঈর্ষণীয় ফল করেছে। রাজশাহীর পবায় অবস্থিত ইউসেপ-রাজশাহী কারিগরি স্কুল সেরা তালিকায় শীর্ষে স্থান পেয়েছে। সেখানে ৬০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। সেরা তালিকায় দ্বিতীয় স্থানে আছে মিরপুরে অবস্থিত ইউসেপ-ঢাকা কারিগরি স্কুল, সেখানে ৭৩ জনের সবাই পাস করেছে এবং সবাই জিপিএ-৫ পেয়েছে।
খুলনার খালিশপুরে অবস্থিত ইউসেপ-মোহসীন কারিগরি স্কুল তৃতীয় অবস্থানে, ৬০ জনের সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে ৫৮ পরীক্ষার্থী। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রামের এ কে খান ইউসেপ কারিগরি স্কুল ও সিলেটের ইউসেপ-হাফিজ মজুমদার টেকনিক্যাল স্কুল।
ইউসেপের নির্বাহী পরিচালক জাকি হাসান জানান, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের এসব সন্তানকে ‘দ্বিগুণ অভিনন্দন’ জানানো উচিত দেশবাসীর পক্ষ থেকে। কারণ, তারা পিছিয়ে পড়া পরিবারের এবং বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়ে তারা এই সাফল্য অর্জন করেছে। এ ধরনের শিক্ষার্থীর জন্য আরও বিনিয়োগ এবং তাদের শিক্ষার ক্ষেত্র অনেক বেশি সম্প্রসারণ করা উচিত বলে মত দেন জাকি হাসান।
বোর্ডের সেরা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে ডেমরার বাওয়ানি হাইস্কুল, সপ্তম স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন হাইস্কুল, অষ্টম স্থানে আছে টাঙ্গাইলের সুতি ভি এম পাইলট হাইস্কুল, নবম স্থানে আছে টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট হাইস্কুল এবং দশম স্থানে আছে ঢাকার সাভারে অবস্থিত সোসাইটি অব সোশ্যাল রিফর্ম হাইস্কুল।