সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকাসামনে এগিয়ে আসছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষায় ইতিহাসে ভালো ফল করতে হলে কয়েকটি বিশেষ দিকের প্রতি ছাত্রছাত্রীদের খেয়াল রাখতে হবে।ইতিহাস বিষয়টি যেহেতু রচনামূলক, সেহেতু ধৈর্যের সঙ্গে সন-তারিখ এবং সব ঘটনা সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রশ্ন হাতে পেলে খেয়াল রাখতে হবে, প্রশ্নে কী চাওয়া হয়েছে। অর্থাৎ প্রশ্নটা আগে বুঝতে হবে, যেন যথাযথভাবে উত্তর হয়। আসল ঘটনাগুলোই সুন্দরভাবে লিখতে হবে। অতিরিক্ত কিছু এতে লিখলে চলবে না। কারণ, তাহলে সময়ের কারণে প্রশ্নোত্তর শেষ করা যাবে না। ইতিহাসের উত্তর লেখার ক্ষেত্রে সূচনা ও উপসংহার ছাড়া মাঝখানের অংশটিকে প্রয়োজনে ভাগ ভাগ করে শিরোনাম দিয়ে লেখা যায়। যুদ্ধবিগ্রহসহ ঘটনাগুলো অনুচ্ছেদ করে লিখে হাইলাইটস দিলে উত্তরটি আকর্ষণীয় ও পরিচ্ছন্ন বলে মনে হয়। পাঁচটি বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সব কটি উত্তর প্রায় একই রকম মানের হওয়া জরুরি। একটির উত্তর অনেক বড় করে লিখে অন্যটি সময়-স্বল্পতার কারণে ‘কোনো রকম’ করে লিখলে নম্বরের মান কমে যাবে। ছোট প্রশ্নোত্তরগুলো অবশ্যই লিখতে হবে। কেননা, এগুলোয় নম্বর পেতে সুবিধা। তবে ছোট প্রশ্নোত্তরগুলো যেন আবার অতিরিক্ত বড় না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথম পত্রের কিছু কিছু বিষয়, যেমন: দ্বৈতশাসন, দেওয়ানি, ছিয়াত্তরের মন্বন্তর প্রভৃতি ভালো করে বুঝে নিতে হবে। এসব বিষয়ে ভাসাভাসা জ্ঞান থাকলে সুন্দর করে লিখতে পারবে না। ইতিহাসের সন-তারিখগুলো ঠিকমতো লিখতে হবে। পরীক্ষার আগে, অবসরে, কোন অধ্যায় কখন শুরু হয়েছে, একটু মনে মনে আউড়ালে ব্যাপারটিতে ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে সন-তারিখ মনে না পড়লে ভুলটা না লেখাই ভালো। একটি বিষয় ছাত্রছাত্রীদের খেয়াল রাখতে হবে যে প্রথম পত্রের পাঠ্যবইয়ে কিছু কিছু বিষয় একেবারেই তথ্যবহুল নয়। অন্যদিকে দ্বিতীয় পত্রের কিছু কিছু অধ্যায় খুবই বড়। এ ক্ষেত্রে বড় অধ্যায়গুলো থেকে জরুরি বিষয়গুলো তুলে নিতে হবে আর ছোট অধ্যায়গুলোর জন্য অনার্স বা ডিগ্রি লেভেলের দু-একটি বইয়ের সাহায্য নেওয়া যায়। তাতে প্রশ্নোত্তরগুলো আরও সমৃদ্ধ হবে। ছাত্রছাত্রীদের হাতের লেখা যার যেমনই হোক না কেন, পরিচ্ছন্ন করে লেখার চেষ্টা করবে। পরিচ্ছন্ন হস্তাক্ষর শিক্ষককে নম্বরের বিষয়ে কিছুটা হলেও উদার করবে। তোমাদের মনে রাখতে হবে, ইতিহাস একরকম ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ গল্পের মতো। এ গল্পগুলো মনে রাখলে ইতিহাসে ভালো নম্বর পাওয়াটা কোনোই সমস্যা নয়।