ইসরায়েলের বোমায় ফিলিস্তিনের ৩১ স্কুল ধ্বংসস্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক দিন ধরে ফিলিস্তিনে বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। বোমা হামলার পর আল শিফা হাসপাতালে এসেছে এই ফিলিস্তিন পরিবার। গাজা, ফিলিস্তিন, ১৬ মে
ছবি: এএফপি

ইসরায়েলে বোমা হামলায় ফিলিস্তিনের গাজা এলাকার কমপক্ষে ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্যসেবাকেন্দ্র গুঁড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুলও।

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, এ সহিংসতার ফলে গাজায় সব ধরনের শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার ২৪ হাজার শিক্ষার্থীর পড়াশোনা এখন বন্ধ।

সেভ দ্যা চিলড্রেনের গাজার কমিউনিকেশন অফিসার মাজেন নাঈম, তাঁর স্ত্রী ও তিন বছরের শিশু গত সোমবার থেকে শোবার ঘরে আটকা পড়ে আছে। তিনি বলেন, ‘আমাদের সামনে ভবনটিতে হামলা হয়েছে। বোমা হামলার প্রচণ্ড শব্দে আমার শিশু ভয়ে আতঙ্কিত। আমরা পরপর কয়েকটি বোমা হামলার শব্দ শুনি। একের পর এক বোমা হামলার কারণে সংখ্যাটি আর গুনতে পারছিলাম। হামলার পরই চিৎকারের আর কান্নার শব্দ পাচ্ছিলাম। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেনে শব্দ পেলাম। কি জানি এরপর কী কী ঘটবে।’

গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, ‘আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারী বোমাগুলো হলো উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এখন ৫২ শিশুসহ প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০০ শতাধিক।

এ ছাড়া ফিলিস্তিন থেকে রকেট হামলায় ইসরায়েলে অন্তত ৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন।