সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
উত্তর: মহানবি (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’
প্রশ্ন: ‘সৃষ্টির সেবা’ কাকে বলে?
উত্তর: আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন মানুষ, জীবজন্তু, পশুপাখি, চাঁদ-সূর্য, নদীনালা, পাহাড়-পর্বত, গাছপালা ইত্যাদি। মানুষ আল্লাহর এসব সৃষ্টির প্রতি দয়া দেখাবে, সহানুভূতি প্রদর্শন করবে। এরই নাম সৃষ্টির সেবা।
প্রশ্ন: মহানবি (সা.) মক্কাবাসীকে কিসের আহ্বান জানিয়েছিলেন?
উত্তর: মহানবি (সা.) মক্কাবাসীকে সত্য ও ন্যায়পথে চলার আহ্বান জানিয়েছিলেন।
প্রশ্ন: ক্ষমাশীল ব্যক্তি কে?
উত্তর: যার মন উদার, মানুষের জন্য যার দয়াময়া বেশি, যে রাগ দমন করতে পারে—সেই ব্যক্তি ক্ষমাশীল হয়।
প্রশ্ন: মন্দকাজ কাকে বলে?
উত্তর: খারাপ ও অসত্ কাজই মন্দকাজ। কোনো কিছু চুরি করা, ছিনতাই করা, ঝগড়া ও মারপিট করা ইত্যাদি খারাপ কাজই মন্দকাজ।
প্রশ্ন: যার মধ্যে সততা আছে তাকে কী বলে?
উত্তর: যার মধ্যে সততা আছে তাকে সত্ ব্যক্তি বলা হয়।
প্রশ্ন: আমরা পিতামাতার সঙ্গে কীরূপ ব্যবহার করব?
উত্তর: আমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করব। তাঁদের আদেশ-নিষেধ শুনব এবং মেনে চলব। তাঁদের সম্মান দেখাব। তাঁদের সেবা-যত্ন করব। চিকিত্সার সুব্যবস্থা করব। তাঁরা যাতে সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারেন, সেদিকে খেয়াল রাখব।
প্রশ্ন: আমরা পিতামাতার জন্য কী বলে দোয়া করব?
উত্তর: আমরা পিতামাতার জন্য দোয়া করব, ‘হে আমার প্রতিপালক! পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ-যত্নে লালনপালন করেছেন, আপনি তাঁদের প্রতি ঠিক তেমনি দয়া করুন।’
প্রশ্ন: আমরা বাসার কাজের লোকদের সঙ্গে কীরূপ ব্যবহার করব?
উত্তর: আমরা বাসার কাজের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করব। সম্মান করব। মর্যাদা দেব, নিজেরা যা খাব তাদেরও তা-ই খেতে দেব। তাদেরকে কাজে সাহায্য করব। তাদের কোনো কষ্ট দেব না। তাদের কাজের ও শ্রমের মর্যাদা দেব।
প্রশ্ন: মহানবি (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে কী বলেছেন?
উত্তর: মহানবি (সা.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’
প্রশ্ন: মানবজাতির আদি পিতা ও আদি মাতা কে ছিলেন?
উত্তর: মানবজাতির আদি পিতা হযরত আদম (আ.) এবং আদি মাতা হযরত হাওয়া (আ.) ছিলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক