ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫

প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।

# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।

প্রশ্ন: মুহাজির কাদের বলে?

উত্তর: মুহাজির মানে হিযরতকারী। মক্কা থেকে হিযরত করে যাঁরা মদিনায় যান, তাঁদের বলা হয় মুহাজির।

প্রশ্ন: বদর যুদ্ধের কারণ কী?

উত্তর: মক্কার কাফির মুশরিকরা চেয়েছিল ইসলাম, মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে। মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে তারা হিংসায় জ্বলে ওঠে। মদিনায় ইহুদিরা তাদের প্ররোচিত করছিল। আবার আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজব উঠেছিল। মূলত কাফেরদের সঙ্গে এসব কারণে বদর যুদ্ধ হয়েছিল।

প্রশ্ন: মদিনার সনদ কী?

উত্তর: মহানবি (সা.) মদিনায় হিযরত করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন।  সব ধর্ম ও মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে ও নিরাপদে যাতে বসবাস করতে পারে তিনি সে উদ্যোগ গ্রহণ করেন। যাতে তাদের মধ্যে শান্তি, সম্প্রীতি বজায় থাকে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করতে পারে এবং সেই সঙ্গে মদিনার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সে  উদ্দেশ্যে তিনি সব সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। এটিই মদিনার সনদ নামে খ্যাত এবং এটিই পৃথিবীর প্রথম লিখিত সনদ।

প্রশ্ন: হুদাইবিয়ার সন্ধি কী?

উত্তর: হিজরি ৬ সালে (৬২৮ খ্রিষ্টাব্দে) রাসুল (সা.) উমরা পালনের উদ্দেশ্যে ১ হাজার ৪০০ জন সাহাবিসহ মক্কার নয় মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে উপনীত হলে কুরাইশরা উমরা পালনে বাধা দেয়। এরপর একপর্যায়ে মক্কার কুরাইশদের সঙ্গে মুসলমানদের ১০ বছর মেয়াদি একটি সন্ধি হয়। এটিই হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত।

প্রশ্ন: বিদায় হজ কাকে বলে?

উত্তর: মহানবি (সা.) ১০ম হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন। এটাই ছিল তাঁর জীবনের শেষ হজ। তিনি এরপর আর হজ করার সুযোগ পাননি। তাই একে বিদায় হজ বলে।

প্রশ্ন:  পৃথিবীর আদি মানব কে ছিলেন?

উত্তর: আল্লাহ তায়ালা পৃথিবীতে মানব জাতি প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে প্রথম হযরত আদম (আ.)-কে সৃষ্টি করেন এবং তাঁকে একপর্যায়ে পৃথিবীতে প্রেরণ করেন। এ জন্য হযরত আদম (আ.)-কে পৃথিবীর আদি মানব বলা হয়।

প্রশ্ন: হযরত নূহ (আ.)-এর সময় কী আজাব এসেছিল?

উত্তর: হযরত নূহ (আ.)-এর সময় তুফানের আলামত দেখা গেল। মাটি ফুঁড়ে পানি বের হলো। শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি। বন্যা এল। ৪০ দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো। সবকিছু পানিতে ডুবে গেল। কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের ওপর আরোহণ করল। কিন্তু শেষ পর্যন্ত সব পাহাড় ডুবে গেল। সবাই পানিতে ডুবে মারা গেল। কাফেররা ধ্বংস হলো।

# বাকি অংশ ছাপা হবে আগামী সংখ্যায়

সহকারী শিক্ষক