সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
* নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: হযরত ইবরাহীম (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নবি হযরত ইবরাহিম (আ.) ইরাক দেশের বাবেল শহরে এক পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন। হযরত ইবরাহিম (আ.)-কে মুসলিম জাতির পিতা বলে গণ্য করা হয়।
প্রশ্ন: হযরত দাউদ (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল হয়?
উত্তর: হযরত দাউদ (আ.) ছিলেন একজন বিখ্যাত রাসুল। তাঁর ওপর প্রসিদ্ধ আসমানি কিতাব ‘যাবুর’ নাযিল হয়।
প্রশ্ন: হযরত দাউদ (আ.)-এর বীরত্বের উদাহরণ দাও?
উত্তর: হযরত দাউদ (আ.) ছিলেন অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী। তাঁর যুদ্ধ কৌশল ছিল অসাধারণ। তিনি সেনাপতি থাকাকালে আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন। বাদশাহ তালুত তাঁর বীরত্বে মুগ্ধ হয়ে স্বীয় কন্যাকে তাঁর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। বাদশাহর মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন।
প্রশ্ন: হযরত ঈসা (আ.)-এর মোজেযা উল্লেখ করো।
উত্তর: আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ.)-কে কিছু মোজেযা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। যেমন—
১. তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন।
২. জন্মান্ধকে চোখের দৃষ্টিশক্তি দান করতেন।
৩. ধবল, শ্বেত ও কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহর রহমতে রোগমুক্ত করে দিতেন।
প্রশ্ন: হযরত ঈসা (আ.) বর্তমানে কোথায় জীবিত আছেন?
উত্তর: হযরত ঈসা (আ.)-কে শত্রুরা হত্যার ষড়যন্ত্র করলে দয়াময় আল্লাহ তাঁকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। তিনি বর্তমানে আল্লাহ তায়ালার অসীম কুদরতে আসমানে জীবিত আছেন।
প্রশ্ন: আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ.)-এর অধীনে কী কী ছিল?
উত্তর: আল্লাহর হুকুমে হযরত সুলায়মান (আ.) জিন-পরি, পশুপাখি ও গাছপালার ভাষা বুঝতে পারতেন। আল্লাহর আদেশে এসব তাঁর অধীনে ছিল। এমনকি বাতাসও তাঁর অধীনে ছিল। আর আল্লাহর হুকুমে এসব কিছুই তাঁর নির্দেশ মেনে চলত। আল্লাহর রহমতে যাকে যা নির্দেশ দিতেন, সে তা পালন করত।
সহকারী শিক্ষক