ইসলাম ও নৈতিক শিক্ষা
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরঅধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ম অধ্যায়ের প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: আমাদের দীনের নাম কী?উত্তর: আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো আল্লাহ তায়ালা প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটা বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে। প্রশ্ন: আমরা কী বলে আল্লাহ তাআলার শোকর আদায় করব?উত্তর: আল্লাহ তায়ালা আমাদের স্রষ্টা। তিনি আমাদের জন্য প্রয়োজনীয় সবকিছু সৃষ্টি করেছেন। তাঁর নিয়ামত গুনে শেষ করা যাবে না। আমরা আল্লাহ তাআলার নিয়ামত লাভের কারণে তাঁর শোকর আদায় করব। এ জন্য আমরা বলব, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।’প্রশ্ন: আখিরাত মানে কী?উত্তর: আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস।প্রশ্ন: মিজান কী? বুঝিয়ে লেখো।উত্তর: মিজান আরবি ভাষার শব্দ। মিজান অর্থ দাড়িপাল্লা। হাশরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন, তাকে মিজান বলা হয়। মিজানের পাল্লায় মানুষের পাপ-পুণ্য ওজন করা হবে। প্রশ্ন: আকাঈদ বলতে কী বোঝ?উত্তর: আকাঈদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। এর অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। আল্লাহ তাআলা, নবী-রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি আকাঈদের অন্তর্ভুক্ত।প্রশ্ন: পানিচক্র কী?উত্তর: প্রতিদিন সূর্যের প্রখর তাপে, নদ-নদী, খালবিল, সাগর-মহাসাগরের প্রচুর পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এ বাষ্প শূন্যে বাতাসে ভেসে বেড়ায়। পরে তা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে এবং মেঘে পরিণত হয়। মেঘ একপর্যায়ে ভারী হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। এ পানির কিছু অংশ মাটির নিচে জমা হয়। আর কিছু অংশ নদনদী খালবিল, সাগর-মহাসাগরে জমা থাকে। এভাবেই পানি চক্রাকারে বাষ্প হয়ে পুনরায় পানিতে পরিণত হয়। এ চক্রকেই পানিচক্র বলে।প্রশ্ন: আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো।উত্তর: যখন আমরা অন্যায়ের জন্য অনুতপ্ত হই এবং ভুল স্বীকার করি, তখন অন্যায়ের শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকে ক্ষমা বলা হয়। মহান আল্লাহ ক্ষমা গুণের অধিকারী। তাই বলা হয়, আল্লাহ ক্ষমাশীল। আমরা অন্যায় কাজ করে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট আন্তরিকভাবে ক্ষমা চাই, তাহলে আল্লাহ খুশি হন এবং ক্ষমা করে দেন। এ সম্পর্কে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।’