ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১ম অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?উত্তর: আল্লাহ তায়ালা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করব। যেমন—১. আল্লাহ তায়ালা সৃষ্টিকর্তা। বিশ্বজগত্ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তাঁর সৃষ্টি। আমরা আল্লাহ তায়ালার অস্তিত্ব সম্পর্কে জানব ও ঈমান আনব।২. আল্লাহ তায়ালা সকল গুণের আধার। সকল গুণ তাঁর নিকট পূর্ণমাত্রায় বিদ্যমান। আমরা আল্লাহ তাআলার গুণাবলি সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জন করব।৩. আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ জানব। আল্লাহ যা পছন্দ করেন তা করব আর যা অপছন্দ করেন তা থেকে দূরে থাকব।৪. আল্লাহ তাআলার আইন বিধানের জ্ঞান অর্জন করব এবং তা অনুসরণ করেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করব।৫. আল্লাহ তাআলার বিধান রয়েছে কোরআন মজিদে। তাই কোরআন মজিদ পড়ব ও অধ্যয়ন করব। তা বুঝে আদেশগুলো পালন করব এবং নিষেধ থেকে দূরে থাকব।প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালনের একটি বর্ণনা দাও।উত্তর: আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা। তিনি আমাদের লালন-পালনের জন্য আমাদের জীবনধারণের প্রয়োজনীয় বস্তু যেমন—আলো, বাতাস, পানি, খাদ্য ইত্যাদির ব্যবস্থা করেছেন এবং তাঁর অনুগ্রহে বেঁচে আছি।আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু, পশুপাখি, গাছপালা আরও অনেক কিছু। এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি এগুলোকে খাদ্য, পানি ও আলো-বাতাস দিয়ে লালন-পালন করেন। সকল জীবজন্তু, পশুপাখি, তৃণলতা ও গাছপালা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। কিন্তু সবার খাদ্য এক রকম নয়। যেমন—আমরা ভাত, মাছ, গোশত ইত্যাদি খাই। আবার ফলমূল ও শাকসবজি খাই। পশুপাখি ও জীবজন্তু ঘাস, পাতা, ফলমূল, তৃণলতা ইত্যাদি খায়। গাছপালা তার শিকড় দিয়ে মাঠি থেকে রস শুষে নেয় এবং বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। পাতার সাহায্যে সূর্যের আলো থেকে খাদ্য প্রস্তুত করে। নদনদী, খালবিল, এমনকি গভীর সাগরে কোটি কোটি মাছ ও অন্যান্য প্রাণী আছে। তাদের জন্য আল্লাহ পানির নিচে শেওলা ও অন্যান্য খাদ্য সৃষ্টি করে দিয়েছেন। এভাবে আল্লাহ তায়ালা সকল জীবজন্তুকে লালন-পালন করে থাকেন।প্রশ্ন: নবী-রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কী কী?উত্তর: নবী ও রাসূলগণ মানুষের জন্য বিভিন্ন শিক্ষা নিয়ে এসেছেন। তাঁদের শিক্ষার মূলকথাগুলো নিচে দেওয়া হলো।তাওহিদ: নবী-রাসূলগণের শিক্ষার প্রধান মূলকথা হলো তাওহিদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। অর্থাত্ আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই।রিসালত: নবী-রাসূলগণের শিক্ষার আরেকটি মূলকথা হলো—রিসালাত। রিসালাত হলো আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানো।দাওয়াত: নবী-রাসূলগণের শিক্ষার আরেকটি মূলকথা হল—দ্বীনের দাওয়াত। আল্লাহ তাআলার দেওয়া পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানোকে দ্বীনের দাওয়াত বলে।উত্তম চরিত্র: নবী-রাসূলগণ মানুষকে চারিত্রিক গুণ এবং ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষা দান করেছেন।আখিরাত: মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আখিরাতের জীবন অনন্ত-অসীম। নবী-রাসূলগণ মানুষকে আখিরাতের শিক্ষা দিয়েছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল