ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: মানুষ কী বানাতে পারে আর কী বানাতে পারে না তার বর্ণনা দাও।উত্তর: এই বিশ্বপ্রকৃতির সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। প্রকৃতি প্রদত্ত জিনিসপত্র ব্যবহার করে মানুষও অনেক কিছু বানাতে পেরেছে। মানুষ যা বানাতে পারে আর যা পারে না, তার একটি বর্ণনা দেওয়া হলো:মানুষ যা বানাতে পারে: আল্লাহ তাআলার সৃষ্ট প্রকৃতির বিভিন্ন বস্তু দিয়ে মানুষ বানাতে পারে চেয়ার, টেবিল, বাড়িঘর, দালানকোঠা, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদভবন, পাকা সড়ক, নৌকা, লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, ইত্যাদি। এ ছাড়াও প্রকৌশলী, বিজ্ঞানী ও যোগ্যতাসম্পন্ন শ্রমিকশ্রেণী বানাতে পারেন ফ্যান, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি ইত্যাদি।মানুষ যা বানাতে পারে না: নিত্য প্রয়োজনীয় অনেক কিছু বানাতে পারলেও মানুষ বানাতে পারে না গাছপালা, নদ-নদী, ফুলফল, পশু-পাখি, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, জীব-জন্তু, সাগর, ধান, পাট প্রভৃতি। প্রকৃতির এসব বানিয়েছেন এবং বানাতে পারেন একমাত্র মহান আল্লাহ তাআলা।কাজেই মহাকাশ ও বিশাল পৃথিবীর সবকিছুর স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাআলা।প্রশ্ন: মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন? বিবরণ দাও।উত্তর: আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক বা সমকক্ষ নেই। তিনি চিরকাল আছেন ও চিরকাল থাকবেন। যারা এসব মৌলিক বিষয় বা আকিদা মনেপ্রাণে বিশ্বাস করে, মুখে তা স্বীকার করে এবং আল্লাহ তাআলার আদেশমতো সব কাজ করে, তাদের বলা হয় মুসলিম।যারা মুসলিম তাদের চরিত্র ও আচার-ব্যবহার হয় সুন্দর। তারা মিথ্যা কথা বলে না। কাউকে কষ্ট দেয় না। চুরি-ডাকাতি করে না। সন্ত্রাস ও রাহাজানি করে না। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করে। মহানবী (সা.)-এর দেখানো পথে চলে। তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে। বিপদ-আপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তারা বলে: ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন।’ অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছেই সাহায্য চাই (সূরা আল-ফাতিহা, আয়াত-৪)প্রশ্ন: সারা বিশ্বের পালনকর্তা কে? তাঁর লালন-পালনের একটি বর্ণনা দাও।উত্তর: সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা, আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই, সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলোও তিনিই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেই ছেড়ে দেননি। তিনি তাঁর নিয়ামত দিয়েও এসব কিছুকে লালন-পালন করে থাকেন। আল্লাহ তাআলার লালন-পালনের একটি বর্ণনা নিচে দেওয়া হলো:আল্লাহ তাআলার লালন-পালনের অনেক দৃষ্টান্ত আছে। যেমন, আমরা মানুষ। আমরা সবাই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস ছেড়ে দিই। পশুপাখি, জীবজন্তুও প্রশ্বাস গ্রহণ করে, নিঃশ্বাস ছেড়ে দেয়। কোনো জীব বা কোনো প্রাণী শ্বাস-প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না। আমাদের নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সময় নিঃশ্বাসের সঙ্গে আমাদের দেহের মধ্য থেকে এক প্রকার বিষাক্ত বায়ু বের হয়। এর নাম কার্বন ডাই-অক্সাইড। গাছপালা ও লতাপাতা এ বিষাক্ত বায়ু খাদ্য হিসেবে গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। আর আমরা শ্বাস নেওয়ার সময় সে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এটা আল্লাহ তাআলার অপার মহিমা। যে কার্বন ডাই-অক্সাইড আমাদের দেহের জন্য বিষ, গাছপালার জন্য তা খাদ্য। আবার গাছপালার ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছপালা, লতাপাতার মাধ্যমে ফলমূল, শাকসবজি প্রভৃতি খাদ্য খাই। এভাবেই মহান আল্লাহ আমাদের লালন-পালন করেন। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল