ইসলাম শিক্ষা
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: আল্লাহ তাআলা সর্বশক্তিমান—ব্যাখ্যা করো।উত্তর: আল্লাহ কাদিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এ বিশাল সৃষ্টি জগতের সবকিছুর মালিক একমাত্র আল্লাহতায়ালা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ফেরেশতা, মানুষ, গাছপালা, নদনদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি কারও ভালো বা কল্যাণ করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না। আবার কারও শাস্তি দিতে চাইলে কেউ তা রোধ করতে পারে না। কারণ, তিনি সর্বশক্তিমান। পৃথিবীতে মানুষ ও অন্যান্য জীবজন্তু, পশুপাখি সব প্রাণীর জীবনদাতা তিনিই। আবার তিনিই সব প্রাণীর মৃত্যু দেন। তারই নির্দেশে সূর্য প্রতি দিন পূর্ব দিকে সঠিক সময় উদিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়। তারই নির্দেশে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যাস্তের পর রাত শুরু হয়। আল্লাহরই নির্দেশে কোনো মৌসুমে দিন ছোট হয় এবং রাত বড় হয়। আবার কোনো মৌসুমে দিন বড় হয় এবং রাত ছোট হয়। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ‘ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়্যিন কাদির’। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।আমরা সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে নিজেদের সম্পূর্ণভাবে সোপর্দ করব। তার কাছেই সব রকমের সাহায্য-সহায়তা চাইব।প্রশ্ন: নবী-রাসূলদের জীবনের লক্ষ্য কী ছিল।উত্তর: আল্লাহ তাআলা তাঁর পছন্দনীয় ও কল্যাণের পথ মানুষকে দেখানোর জন্য অনেক নবী-রাসূল পাঠিয়েছেন। তাঁরা ছিলেন হাদি বা পথপ্রদর্শক। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন: ‘লিকুল্লি কাওমিন হাদ’। অর্থাৎ, প্রত্যেক জাতির জন্য আছে পথপ্রদর্শক।আল্লাহর প্রেরিত নবী-রাসূলদের জীবনের লক্ষ্য ছিল মানুষের জীবন মঙ্গলময় করা। মানুষের কল্যাণ সাধন করা। মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। নবী-রাসূলদের জীবনের আরও লক্ষ্য ছিল আল্লাহর ইবাদত-বন্দেগি পালনে মানুষকে অভ্যস্ত করা এবং তার নির্দেশিত পথে চলতে তাদের আগ্রহী করা। আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ তথা শয়তানের প্রিয় কাজগুলো থেকে মানুষকে বিরত রাখার জন্য নবী-রাসুলেরা সব সময় চেষ্টা করে গেছেন।প্রশ্ন: নবী-রাসূলদের শিক্ষার মূল কথাগুলো কী?উত্তর: নবী-রাসূল আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। তাঁরা সব সময় আল্লাহর নির্দেশ মতো চলতেন। মানুষকে আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য আহ্বান করতেন বা দাওয়াত দিতেন। এ ছাড়া কোন পথে চললে মানুষের ক্ষতি হবে, কোন পথে চললে আল্লাহ তাআলা নাখোশ হবেন, কোন পথে চললে মানুষ পাপী হবে এবং কীভাবে চললে পরকালে মানুষ দোজখবাসী হবে, নবী-রাসূলগণ মানুষকে সেগুলোও শিখিয়েছেন। অপর দিকে যে পথে চললে আল্লাহ ও তাঁর রাসূল খুশি হবেন, মানুষ সুখ-শান্তি পাবে, মানুষের কল্যাণ হবে, পরকালে জান্নাতে যাবে—সেই পথের কথাও বলেছেন। নবী-রাসূল মানুষকে যেসব শিক্ষা দিয়ে গেছেন, সেগুলোর মূল কথা হলো—(১) তাওহিদ বা একত্ববাদ: আল্লাহ তাআলা এক। তাঁর কোনো শরিক নেই। তাঁর কোনো সমকক্ষ নেই।(২) রিসালাত ও নবুওয়াত: নবী-রাসূলদের মাধ্যমে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো হতো।(৩) দীন: আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা।(৪) আখলাক: সুন্দর চরিত্র।(৫) শরিয়াত: জীবন যাপনের বিধান। ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ বা হালাল-হারাম এবং জায়েজ না জায়েজ শিক্ষাসংবলিত বিধিবিধান।(৬) আখিরাত: মৃত্যুর পরের জীবন।নবী-রাসূল দুনিয়ার সব মানুষকে এ বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দিয়েছেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল