ইসলাম শিক্ষা
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নত্তোরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # রচনামূলক প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ঈমান কাকে বলে? আকাঈদ বলতে কী বোঝ? আলোচনা করো।উত্তর: ঈমান একটি আরবি শব্দ। বাংলা ভাষায় ঈমান শব্দের অর্থ হলো দৃঢ়বিশ্বাস। ইসলামি পরিভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেসব বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ করাকে ঈমান বলে।আকাঈদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আল্লাহ তাআলা এক, মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, আখিরাত, জান্নাত-জাহান্নাম ইত্যাদি সংশ্লিষ্ট বিস্তারিত বিষয়ে দৃঢ়বিশ্বাস বা প্রত্যয়ের নাম আকিদা। একজন প্রকৃত মুসলিম তিনি, যিনি অন্তরে যে আকিদা পোষণ করেন, তা ভাষায় প্রকাশ করেন এবং কর্মে তার প্রতিফলন ঘটান।প্রকৃত মুসলিম হওয়ার জন্য একজন মানুষের ঈমান ও আকিদা বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান। আবার বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তাই আমরা ঈমান ও আকিদা সম্পর্কিত বিষয় বিস্তারিতভাবে পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন গঠন করব।প্রশ্ন: আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।উত্তর: আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। তিনি এক ও অদ্বিতীয়। তিনি একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী। আমাদের সামনে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই এ সবকিছুর দিকে তাকালে মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। কারণ, আমাদের চারপাশের গাছপালা, ফুল, ফল, পাখি, চোখজুড়ানো সবুজ ধানের খেত, ছোট-বড় নদ-নদী, খাল-বিলের পানি, মাছ ইত্যাদি এমনিতেই সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। শুধু তা-ই নয়, লালন-পালন করে এ সবকিছু বাঁচিয়ে রেখেছেন তিনি। তা ছাড়া আমাদের মাথার ওপরের নীল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারকারাজি—এসবও তাঁর মহান সৃষ্টি। পশুপাখি, জীবজন্তু, সাগর, মহাসাগরসহ এই পৃথিবীর কোনো কিছুই আপনা-আপনি তৈরি হয়নি। কোনো মানুষও এগুলো তৈরি করতে পারে না। এই মহাবিশ্বের সবকিছুরই একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আছে, ‘আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন।’ (সূরা আস-সাজদাহ: ৪) এই মহাবিশ্বে আরও অনেক কিছু আছে, যা আমরা দেখতে পাই না। সেগুলোও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কাজেই মহাবিশ্বের দেখা-অদেখা, আমাদের জানা-অজানা বস্তুসমূহের সৃষ্টিরহস্য অনুধাবন করলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়।আমরা আল্লাহ তাআলার সৃষ্ট সব সৃষ্টির সেরা, মানুষ। আমাদের জীবন ও মৃত্যুর মালিক তিনি। আমরা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করব এবং বিপদে-আপদে সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব।প্রশ্ন: মানুষ কী বানাতে পারে আর কী বানাতে পারে না তার বর্ণনা দাও।উত্তর: এই বিশ্বপ্রকৃতির সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। প্রকৃতি প্রদত্ত জিনিসপত্র ব্যবহার করে মানুষও অনেক কিছু বানাতে পেরেছে। মানুষ যা বানাতে পারে আর যা পারে না, তার একটি বর্ণনা দেওয়া হলো:মানুষ যা বানাতে পারে: আল্লাহ তাআলার সৃষ্ট প্রকৃতির বিভিন্ন বস্তু দিয়ে মানুষ বানাতে পারে চেয়ার, টেবিল, বাড়িঘর, দালানকোঠা, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদভবন, পাকা সড়ক, নৌকা, লঞ্চ, স্টিমার, বাস, ট্রাক, ইত্যাদি। এ ছাড়াও প্রকৌশলী, বিজ্ঞানী ও যোগ্যতাসম্পন্ন শ্রমিকশ্রেণী বানাতে পারেন ফ্যান, টেলিফোন, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, বৈদ্যুতিক বাতি ইত্যাদি।মানুষ যা বানাতে পারে না: নিত্য প্রয়োজনীয় অনেক কিছু বানাতে পারলেও মানুষ বানাতে পারে না গাছপালা, নদ-নদী, ফুলফল, পশু-পাখি, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, জীব-জন্তু, সাগর, ধান, পাট প্রভৃতি। প্রকৃতির এসব বানিয়েছেন এবং বানাতে পারেন একমাত্র মহান আল্লাহ তাআলা।কাজেই মহাকাশ ও বিশাল পৃথিবীর সবকিছুর স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাআলা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল