ইসলাম শিক্ষা
অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: কে সূর্য সৃষ্টি করেছেন? সূর্য আমাদের কী কাজে লাগে?উত্তর: পবিত্র কোরআনে আছে, ‘আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন।’ কাজেই সূর্যও সৃষ্টি করেছেন মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী মহান আল্লাহ তাআলা।আমাদের জীবন যাপনের জন্য অনেক রকমের কাজ করতে হয়। কাজ করতে শক্তির প্রয়োজন। পানি ও তাপ থেকেই আমরা এই শক্তি পেয়ে থাকি। আরও নানা জিনিস থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এসব শক্তির মূল উৎস হলো মহান আল্লাহর সৃষ্টি সূর্য। সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। কোনো প্রাণী শক্তি পায় না। যেমন, একটি গাছের চারাকে একটি পাতিল বা ঢাকনা দিয়ে কয়েক দিন ঢেকে রাখলে দেখা যাবে চারাটি সাদাটে বা নিস্তেজ হয়ে গেছে। আলো না পাওয়ার জন্য এমনটি হয়েছে বোঝা যায়। আলো না পেলে শক্তির অভাবে চারাটি একদিন মরে যাবে। কাজেই মানুষ, পশুপাখি, গাছপালা, তৃণলতা ইত্যাদি সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না। তা ছাড়া সূর্য তাপের প্রভাবেই পানিচক্র সংগঠিত হয়ে থাকে। আর এই পানিচক্রের মাধ্যমেই এ বিশাল পৃথিবীর সঙ্গে কোটি কোটি মানুষ, জীবজন্তু, পশুপাখি, পোকামাকড়, গাছপালা, তৃণলতা ইত্যাদি বেঁচে আছে। সুতরাং সূর্যই এই পৃথিবীর সবকিছুর বেঁচে থাকার প্রধান উৎস।প্রশ্ন: নবী-রাসূলদের শিক্ষার মূল কথাগুলো কী?উত্তর: নবী-রাসূল আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। তাঁরা সব সময় আল্লাহতাআলার নির্দেশ মতো চলতেন। মানুষকে আল্লাহতাআলার নির্দেশিত পথে চলার জন্য আহ্বান করতেন বা দাওয়াত দিতেন। এ ছাড়া কোন পথে চললে মানুষের ক্ষতি হবে, কোন পথে চললে আল্লাহ তাআলা নাখোশ হবেন, কোন পথে চললে মানুষ পাপী হবে এবং কীভাবে চললে পরকালে মানুষ দোজখবাসী হবে, নবী-রাসূল মানুষকে সেগুলোও শিখিয়েছেন। অপর দিকে যে পথে চললে আল্লাহতাআলার ও তাঁর রাসূল খুশি হবেন, মানুষ সুখ-শান্তি পাবে, মানুষের কল্যাণ হবে, পরকালে জান্নাতে যাবে—সেই পথের কথাও বলেছেন। নবী-রাসূল মানুষকে যেসব শিক্ষা দিয়ে গেছেন, সেগুলোর মূল কথা হলো—১. তাওহিদ বা একত্ববাদ: আল্লাহ তাআলা এক। তাঁর কোনো শরিক নেই। তাঁর কোনো সমকক্ষ নেই। ২. রিসালাত ও নবুওয়াত: নবী-রাসূলদের মাধ্যমে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো হতো। ৩. দীন: আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ৪. আখলাক: সুন্দর চরিত্র। ৫. শরিয়াত: জীবন যাপনের বিধান। ধর্মের দৃষ্টিতে বৈধ-অবৈধ বা হালাল-হারাম এবং জায়েজ না জায়েজ শিক্ষাসংবলিত বিধিবিধান। ৬. আখিরাত: মৃত্যুর পরের জীবন।নবী-রাসূল দুনিয়ার সব মানুষকে এ বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দিয়েছেন।প্রশ্ন: আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাম লেখো।উত্তর: মৃত্যুর পর থেকে মানুষের যে জীবন শুরু হয় তাকে আখিরাত বা পরকালীন জীবন বলা হয়। আখিরাত বা পরকালীন জীবন অনন্তকালের জীবন। এ জীবনের কোনো শেষ নেই। এ জীবন সীমাহীন।আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাম নিচে লেখা হলো—১। কবরে সাওয়াল-জওয়াব ২। কবরে আরাম অথবা আজাব ৩। কিয়ামত ৪। হাশর ৫। মিজান ৬। জান্নাত অথবা জাহান্নাম।প্রশ্ন: কবরে সাওয়াল ও জওয়াব সম্পর্কে কী জানো লেখো।উত্তর: সাওয়াল-জওয়াব মানে প্রশ্ন ও উত্তর। আমাদের মৃত্যুর পর প্রত্যেককেই কবরে সাওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে। মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রত্যেক মৃত মানুষকে আল্লাহতাআলার হুকুমে জীবিত করেন। তাঁরা তখন সদ্য-জীবিত করা মানুষকে নিচে বর্ণিত তিনটি সাওয়াল বা প্রশ্ন করেন:১. প্রথম সাওয়াল: মান রাব্বুকা? অর্থ: তোমার রব কে?২. দ্বিতীয় সাওয়াল: মা দিনুকা? অর্থ: তোমার দীন বা জীবন ব্যবস্থা কী?৩. তৃতীয় সাওয়াল: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে দেখিয়ে প্রশ্ন করা হবে: মান হাযার রাজুল? অর্থ: এ ব্যক্তি কে?আমাদের মহানবী (সা.) কবরের এই সাওয়াল বা প্রশ্নগুলোর সঠিক জবাব বা উত্তর আমাদের শিখিয়ে গেছেন। নিচে মহানবী (সা.) এর শেখানো কবরের সাওয়ালগুলোর জবাব লেখা হলো:১। প্রথম সাওয়ালের জবাব হলো: রাব্বি আল্লাহ।অর্থ: আমার রব আল্লাহতাআলা।২। দ্বিতীয় সাওয়ালের জবাব হলো: দীনি আল-ইসলামঅর্থ: আমার দীন ইসলাম।৩। তৃতীয় সাওয়ালের জবাব হলো: হাযা রাসূলুল্লাহঅর্থ: ইনি আল্লাহতাআলার রাসূল।যেসব ব্যক্তি সাওয়ালের সঠিক জবাব দিতে পারবে, তারা কবরে সুখে থাকবে। আর যারা সাওয়ালগুলোর সঠিক জবাব দিতে পারবে না, তারা কবরে দুঃখ-কষ্টে থাকবে।