ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কাল রোববার শুরু হচ্ছে। প্রথম দিন কাল ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। পরীক্ষার সময় ডিজিটাল জালিয়াতি রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কাল সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম পর্যায়ে ধর্মতত্ত্ব অনুষদের অধীন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট তিন পর্যায়ে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সোমবার আইন অনুষদভুক্ত ‘এইচ’ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা।

এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটের অধীনে ২৫টি বিভাগে মোট ১ হাজার ৬৯৫টি আসনে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার হলে পরীক্ষার্থীকে প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (প্রবেশপত্রে প্রদত্ত ছবি) নিয়ে আসতে হবে। ডিজিটাল জালিয়াতি রোধে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’