ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে ক্লাস শুরু
চার মাস বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। শুক্রবার শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া উপাচার্যের সঙ্গে হল প্রাধ্যক্ষদের এক সভায় আবাসিক হলে শিক্ষার্থীদের প্রবেশে ১০টি শর্ত আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ছয়টায় সভা শেষ হয়। সভায় শনিবার থেকে ক্লাস-পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শনিবার থেকে শুরু হওয়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার পর আমরা হল খুলে দেওয়া এবং ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছি।’ এ জন্য ছাত্র সংগঠনগুলোকে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।
গত বছরের ৩০ নভেম্বর বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিশ্ববিদ্যালয় ৩৭ দিন বন্ধ থাকে। পরে গত ৭ জানুয়ারি আবাসিক হল এবং ৮ জানুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হয়। কিন্তু ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় পুলিশ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই জরুরি সিন্ডিকেট সভায় আবারও অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এভাবে চার মাস ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। তবে অফিস খোলা থাকে।