ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ৪৩ শিক্ষার্থী
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ সোমবার শেষ হয়েছে। এবার ৮টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৩ জন ভর্তি-ইচ্ছুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টারের তথ্য মতে, এ বছর ৫টি অনুষদভুক্ত ৮টি ইউনিটের অধীনে ১ হাজার ৬৯৫ টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯১০ আবেদন জমা পড়েছে। এ হিসেবে একটি আসনের জন্য ৪৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর প্রতিযোগিতা হবে।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে। এই ইউনিটে ২২৫ আসনের বিপরীতে ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬৩ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ১ হাজার ৯৬০ জন, কলা অনুষদভুক্ত ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৯৫৬ জন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১২ হাজার ২৮৯ জন, ‘ই’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১২ হাজার ৩৯১ জন, ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২ হাজার ৯৪৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে ৮ হাজার ৩২৭ জন এবং আইন ও শরিয়া অনুষদ ভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৫ হাজার ৬৬১ ছাত্র-ছাত্রী আবেদন করেছেন। এ বছর নতুন তিন বিভাগের যাত্রা হলেও গত বছরের তুলনায় ২২ হাজার ৫শত ৩৬ টি আবেদন কম হয়েছে।
কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘১০ থেকে ২০ নভেম্বরের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (iu.ac.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।’