ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভার সিদ্ধান্ত মোতাবেক এ সময়সূচি প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির পূর্বের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪ থেকে ৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রোববার অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ৪ ডিসেম্বর প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর প্রথম শিফটে আইন অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর প্রথম ও দ্বিতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিট এবং তৃতীয় ও চতুর্থ শিফটে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর প্রথম এবং দ্বিতীয় শিফটে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং তৃতীয় শিফটে একই অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটে ২৫টি বিভাগের মোট ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে ৪৩ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।