উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে নীতি সংলাপবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আদলে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে নীতি সংলাপবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা। আজ বুধবার একটি হোটেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই কর্মশালার উদ্বোধন করেন।ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথভাবে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড এনহ্যান্সমেন্ট ইন হায়ার এডুকেশন: এক্সপেরিয়েন্স ইন দি ইউকে অ্যান্ড পসিবল ইমপ্লিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে। ব্রিটিশ কাউন্সিলের ইন্সপায়ার প্রকল্পের শীর্ষ স্তর হিসেবে কর্মশালাটির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পর্ক জোরদার করা ওই প্রকল্পের উদ্দেশ্য। কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকেরা অংশ নিচ্ছেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজনভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার গুণগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। তিনি শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দেশে উচ্চশিক্ষার উন্নয়নে এ কর্মশালা সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনেক কিছু শেখা যাবে।ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক চার্লস নাচ্ছিল আশা প্রকাশ করেন, এই সংলাপ উচ্চশিক্ষা বিষয়ে নীতিনির্ধারক ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করবে ।