সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ. ঢাকাসৃজনশীল পদ্ধতি অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল বিষয়ের সৃজনশীল পদ্ধতির প্রশ্ন ও উত্তর কাঠামো এবং উত্তর প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হলো। সৃজনশীল প্রশ্নে থাকবে চারটি প্রশ্নসংবলিত একটি দৃশ্যকল্প বা উদ্দীপক। উদ্দীপকটি তথ্যভিত্তিক, চিত্র, ডায়াগ্রাম বা গল্প হতে পারে। অর্থাৎ এসবের মাধ্যমে উদ্দীপকটি হতে হবে কোনো পরিস্থিতি, সামাজিক বা ঐতিহাসিক ঘটনার সংশ্লিষ্ট রূপ। এ উদ্দীপকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে চারটি প্রশ্ন। তবে কোনো প্রশ্নের উত্তর সরাসরি ওই উদ্দীপকের মধ্যে থাকবে না। একটি সৃজনশীল প্রশ্নের মোট নম্বর ১০। প্রথম প্রশ্নটি হবে অত্যন্ত সহজ এবং শুধু স্মৃতিনির্ভর অথবা সহজ জ্ঞানসংবলিত, যা জ্ঞানমূলক প্রশ্ন নামে পরিচিত। এ প্রশ্ন শুধু শিক্ষার্থীর জ্ঞানের দক্ষতা যাচাইয়ের সহায়ক। এ ধরনের প্রশ্নের উত্তর হবে সর্বজনীন। এ উত্তরের মধ্যে বিভ্রান্তিমূলক তারতম্য যেন না হয়, সেদিকে লক্ষ রেখেই এ ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়। যেমন—বাংলাদেশের রাজধানীর নাম কী? অথবা পদ্মা নদী কোথায় যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে? সাধারণত কী কখন, কোথায়, কাকে বলে, কী বোঝো ইত্যাদি প্রশ্নসূচক শব্দের মাধ্যমে এ স্তরের প্রশ্ন করা হয়। এ প্রশ্নের মান-১। দ্বিতীয় প্রশ্নটি অনুধাবনমূলক বা অনুধাবন স্তরের। অর্থাৎ অনুধাবন করার ক্ষমতা যাচাই করাই এ প্রশ্নের মুখ্য উদ্দেশ্য। মূলত এ প্রশ্নের মাধ্যমে সব বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণাকে যাচাই করা হয়। যেমন—ঢাকাকে বাংলাদেশের রাজধানী করার কারণ কী? অথবা শাখা নদী ও উপনদীর পার্থক্য কী? কেন, কীভাবে, কীরূপ, বর্ণনা করো, বৈশিষ্ট্য উল্লেখ করো, পার্থক্য নির্ণয় করো ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে অনুধাবন স্তরের প্রশ্ন করা হয়। দ্বিতীয় এ স্তরের প্রশ্নের মান-৩। তৃতীয় স্তরটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। প্রকৃতপক্ষে এ স্তরের মাধ্যমে পাঠ্যপুস্তকে বর্ণিত কোনো তত্ত্ব, তথ্য, নিয়মনীতি, বিষয়বস্তু প্রভৃতি নতুন পরিবেশ পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা যাচাই করা হয়। এ ক্ষেত্রেও পাঠ্যপুস্তকে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সরাসরি থাকবে না। তবে পাঠ্যপুস্তকের তথ্য থেকে জ্ঞানার্জন এবং অনুধাবন স্তর সুস্পষ্ট করেই এ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রকৃতপক্ষে বিষয়বস্তু সম্বন্ধে সুস্পষ্ট ধারণা ব্যতিরেকে এ ধরনের প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। যেমন—বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে তোমার নিজ জেলা প্রদর্শন করো। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রধান নদীর গতিপথ দেখাও। অথবা ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ’ ব্যাখ্যা করো। প্রায়োগিক দিক যাচাইয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করো, অঙ্কন করো, প্রদর্শন করো, শনাক্ত করো, প্রণয়ন করো, তৈরি করো, কী ভূমিকা রাখবে প্রভৃতি শব্দের সমন্বয়ে এ ধরনের প্রশ্ন করা হয়। এ প্রশ্নের মান-৩। সৃজনশীল প্রশ্নের সর্বশেষ বা চতুর্থ স্তরটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যার মান-৪। এ প্রশ্নের সাহায্যে শিক্ষার্থীদের মূল্যায়ন করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিচার-বিশ্লেষণ করার দক্ষতা প্রভৃতি যাচাই করা হয়। যেহেতু ওই দক্ষতাগুলো যাচাই করা হবে, সেহেতু এ ধরনের প্রশ্নের উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি থাকবে না। অর্থাৎ উত্তর সরাসরি পাঠ্যবইয়ে নেই এ দিকটা লক্ষ করেই চতুর্থ স্তরের প্রশ্ন করতে হবে। যেমন—‘বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি আলোচিত দেশ’ উক্তিটি বিশ্লেষণ করো। ‘অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নব দিগন্তের সূচনা করেছে’ মূল্যায়ন করো। অথবা ‘বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নদ-নদীর ভূমিকা অপরিসীম’ উক্তিটি বিশ্লেষণ করো। উচ্চতর দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে যাচাই করো, মূল্যায়ন করো, বিশ্লেষণ করো, যথার্থতা নিরূপণ করো, পরামর্শ দাও, যুক্তি উল্লেখসহ মতামত প্রদর্শন করো—এজাতীয় শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। প্রতিটি সৃজনশীল প্রশ্ন হবে সহজ থেকে কঠিন। শিক্ষার্থী যেন সহজ উত্তর দিয়ে শুরু করতে পারে। এরপর তার ভেতরে প্রেষণার সৃষ্টি হবে এবং উৎসাহভরে ক্রমান্বয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর দিতে সমর্থ হবে। অর্থাৎ শিক্ষার্থী পর্যায়ক্রমে তার স্মৃতি থেকে উত্তর সংগ্রহ করবে এবং তার ওপর নির্ভর করে সহজ চিন্তন থেকে উচ্চতর চিন্তনদক্ষতা অর্জন করতে সক্ষম হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু শর্ত মেনে চলতে হবে। প্রধান শর্ত হলো, পাঠ্যপুস্তকের অন্তর্গত সব বিষয়বস্তু অত্যন্ত ভালোভাবে পাঠ করতে হবে। বলা যেতে পারে, প্রতিটি লাইন বুঝে পড়তে হবে এবং বারবার পড়তে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল