সহকারি অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ. ঢাকাসৃজনশীল পদ্ধতি অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল বিষয়ের সৃজনশীল পদ্ধতির প্রশ্ন ও উত্তর কাঠামো এবং উত্তর প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হলো। এবার আসা যাক উত্তর দেওয়ার নিয়মনীতি প্রসঙ্গে। মূলত সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে। এ নিয়মগুলো অনুসরণ করলে একজন শিক্ষার্থী অবশ্যই সর্বোচ্চ সফলতা অর্জন করতে সক্ষম হবে। যেমন—প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক হওয়ায় শুধু স্মরণ করে একটি ধাপে উত্তর দিতে হবে। তবে ভুল তথ্য দেওয়া যাবে না এবং প্রশ্নের সঙ্গে সংগতি রেখে বাক্য সম্পন্ন করতে হবে। এ ছাড়া বানানের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে।দ্বিতীয় স্তরে প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান বা স্মৃতিনির্ভর দক্ষতা প্রদর্শনের জন্য ১ নম্বর এবং অনুধাবন করার জন্য ১ নম্বর থাকে। মনে রাখতে হবে, দুটি ধাপে উত্তর সম্পন্ন করতে হবে। একটি ধাপ বাদ পড়লে ওই ধাপের নম্বরও বাদ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, (প্রশ্ন দ্রষ্টব্য) উত্তরের প্রথম অংশ হবে অনুধাবন স্তরকে ঘিরে। অর্থাৎ ঢাকাকে রাজধানী করার কয়েকটি কারণ ভেবে, চিন্তা করে শিক্ষার্থী লিখবে এবং দ্বিতীয় অংশ জ্ঞানমূলক, যা রাজধানী-সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য পাঠ্যবই বা উদ্দীপকের আলোকে লিখতে হবে।প্রয়োগমূলক বা তৃতীয় স্তরে প্রদত্ত প্রশ্নে মানচিত্র অঙ্কন করে নিজ জেলা প্রদর্শন করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রথমে চারপাশে মার্জিন দিয়ে তার মধ্যে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, নির্দিষ্ট স্থানে জেলার সংকেত ব্যবহার করে জেলার নাম লিখতে হবে। এ ছাড়া যেহেতু মানচিত্র, সেহেতু দিক উল্লেখ করা ভালো।চারটি দিক না দেখালেও তীর চিহ্ন দিয়ে শুধু উত্তর দিক দেখানো যেতে পারে। প্রকৃত অর্থে এ প্রশ্নে মানচিত্র অঙ্কনের দক্ষতা ও নিজ জেলার অবস্থানের জ্ঞান—এ দুটি দিক যাচাই করা হবে। এর ধাপ দুটির মান যথাক্রমে ২ ও ১।অন্যদিকে যদি ব্যাখ্যা চাওয়া হয়, সে ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করে উত্তর দিতে হবে। যেমন—প্রথম ধাপে কেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, সে সম্বন্ধে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে। সহজভাবে বর্ণনা করলে উত্তর যথার্থ হবে না। প্রকৃত উত্তর হবে ব্যাখ্যামূলক। এ ক্ষেত্রে একটি প্যারা বা বুলেট দিয়ে পরপর পয়েন্ট আকারে লেখা যেতে পারে। দ্বিতীয় ধাপে নদীমাতৃক দেশ সম্বন্ধে শিক্ষার্থীর নিজস্ব অনুধাবন বা ভাবনাচিন্তা কী, তা উল্লেখ করতে হবে। সবশেষ ধাপে বাংলাদেশ যে প্রকৃত অর্থে নদীমাতৃক, তা অল্প কথায় স্পষ্ট করতে হবে। প্রয়োজনে উদাহরণ ব্যবহার করা যেতে পারে। তিনটি ধাপে উত্তর শেষ হবে। প্রতি ধাপের জন্য নির্ধারিত নম্বর ১।চতুর্থ স্তরের প্রশ্নেও অনুরূপ ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। যেমন—বাংলাদেশ কেন আলোচিত দেশ, তা প্রথমে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে (প্রশ্ন দ্রষ্টব্য)। দ্বিতীয় ধাপে বাংলাদেশ কোন কোন দিকে আলোচিত, তার উদাহরণসহ বুঝিয়ে লিখতে হবে। তৃতীয় ধাপে আলোচিত দেশ সম্বন্ধে শিক্ষার্থীর নিজস্ব ধারণা কী, তা উল্লেখ করতে হবে। শেষ ধাপে উদ্দীপক বা পাঠ্যবইয়ের আলোকে আলোচিত দেশ সম্বন্ধে তথ্য উল্লেখ করতে হবে। চারটি ধাপের জন্য ১ নম্বর করে মোট ৪ নম্বর। স্মরণ রাখা প্রয়োজন, যদি কোনো ধাপ বাদ পড়ে, তবে সে ধাপের বরাদ্দকৃত নম্বর থেকে শিক্ষার্থী বঞ্চিত হবে। শিক্ষার্থীদের আরও একটি দিকের প্রতি গুরুত্ব দিতে হবে, তা হচ্ছে ভাষা ব্যবহারের দক্ষতা। বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি, প্রমাণ, মূল্যায়ন প্রভৃতির ভাষা ভিন্ন। সুতরাং শিক্ষার্থীরা এ দিকের প্রতি যত্নবান হলে সব প্রশ্নে অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর অর্জন করতে পারবে। সবশেষে বলা যায়, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর অর্জনের জন্য অনুশীলনের বিকল্প নেই। অনুশীলনের জন্য শিক্ষার্থী নিজেদেরও প্রশ্ন প্রণয়ন করে উত্তর লেখার অভ্যাস করতে হবে। নিয়মনীতি অনুসরণ ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা অর্জন করতে পারবে পূর্ণ নম্বর।