সমাজবিজ্ঞানের রচনামূলক প্রশ্ন ১২ নম্বরের হয়ে থাকে, কিন্তু একটি প্রশ্নে আবার আলাদা অংশও থাকে। তাই প্রশ্নের ডান পার্শ্বে নম্বরবণ্টন দেখবে। সেভাবে নম্বর ভাগ করে প্রশ্নের উত্তর দেবে। যেমন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো—এ প্রশ্নের মানবণ্টন থাকে (৪+৮=১২)। তাই প্রথম অংশের উত্তর কমপক্ষে এক পৃষ্ঠা অর্থাৎ ৪ নম্বরের মানের চেয়ে যেন কম না হয়, সেদিকে খেয়াল করবে। রচনামূলক প্রশ্নের মতো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্যও পৃথক বিশেষ নোট করে পড়বে। তুমি যে বোর্ডের পরীক্ষার্থী, সে বোর্ডের বিগত পাঁচ বছরের প্রশ্ন আগে নির্বাচন করবে। আরও ভালো হয় যদি অন্য বোর্ডের প্রশ্নগুলোও সাজেশনে স্থান পায়। সময়কে ভাগ করে নেবে, যাতে কোনো প্রশ্নের উত্তর বাদ না পড়ে। প্রবক্তা বা সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা ও মতবাদ ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবে। তাহলে নম্বর ভালো পাবে।