এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। পরীক্ষায় এ+ পেতে হলে পঠিত পড়াগুলো ভালোভাবে রিভিশন দেবে। উত্তর প্রাসঙ্গিক ও নির্ভুল হলে পূর্ণ নম্বর পাবে। পাঠ্যবই থেকে প্রতিটি অধ্যায় বুঝে পড়বে। অনুশীলনীয় সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর মুখস্থ ব্যতীত আয়ত্ত করবে। প্রতিটি প্রশ্নের মান বণ্টনের দিকে দৃষ্টি রেখে প্রশ্নের উত্তর দেবে। পরীক্ষায় প্রশ্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলোর উত্তর নির্ভুলভাবে দেওয়া সম্ভব ওই প্রশ্নগুলোর উত্তর লিখবে। সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনী প্রশ্নগুলো বুঝে পড়ে আয়ত্ত করার চেষ্টা করবে, যাতে সঠিক সময়ের মধ্যে উত্তর করা সম্ভব হয়। সৃজনশীল পদ্ধতিতে ভালো নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীরা মূল বই ভালো করে পড়বে। সৃজনশীল প্রশ্নের মধ্যে চারটি ভাগ থাকবে। প্রতিটি ভাগের উত্তর ভালোভাবে দিতে গেলে পাঠ্যবইয়ের ওপর পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক এবং উদ্দীপক-সংশ্লিষ্ট চারটি প্রশ্নের উত্তর থাকবে। তাই উদ্দীপকটি ভালোভাবে পড়ে প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর লিখবে। অযথা ভয় পাবে না। যে প্রশ্নের উত্তর ভালো লিখতে পারবে সেটি আগে লিখবে। তারপর পর্যায়ক্রমে অন্যান্য প্রশ্নের উত্তর লিখবে। বহুনির্বাচনী প্রশ্ন তিনটি ভাগে বিভক্ত থাকে। যেমন: সাধারণ বহুনির্বাচনী, বহুপদী সমাপ্তিসূচক এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এ তিনটি ভাগের ওপর ভিত্তি করে বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করা হয়। তাই এ তিনটি বিষয়ের ওপর ভালো ধারণা থাকতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে মূল বইয়ের প্রতিটি অধ্যায় পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করে অনুশীলন করবে। বিভিন্ন বোর্ডের পরীক্ষায় যেসব বহুনির্বাচনী প্রশ্ন এসেছে, তা নিয়মিত অনুশীলন করবে। বানান যেন সঠিক হয়, সেদিকে খেয়াল রাখবে। বিজ্ঞানের ক্ষেত্রে সঠিক চিত্র অঙ্কন করবে। জ্যামিতির ক্ষেত্রে সঠিক চিত্র অঙ্কন করবে। চিত্রভিত্তিক প্রশ্নগুলোর উত্তরে চিহ্নিতকরণ চিত্রের ডানপাশে লিখবে। কোনো প্রশ্নের উত্তর কাটাকাটি বা ঘষাঘষি করবে না। প্রয়োজনে সম্পূর্ণ কেটে লিখবে। উত্তরে একক থাকলে একক লিখবে এবং আসন্ন উত্তরে প্রায় লিখবে।