উত্তর লিখবে উদ্দীপক বুঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সৃজনশীল অংশে ৭০ ও বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকেই কমবেশি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং বহুনির্বাচনি অংশের জন্য ভালো করে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় বারবার অনুশীলন করবে।

পাঠ্যবইয়ে প্রতিটি অধ্যায়সংশ্লিষ্ট সন, তারিখ, নাম, বিভিন্ন সংজ্ঞা, বৈশিষ্ট্য, পটভূমি, বিশেষ কোনো ঘটনা প্রভৃতি ভালোভাবে আয়ত্ত করবে। প্রতিটি অধ্যায়ে রয়েছে অসংখ্য তথ্যের সমাহার। পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের অবশ্যই এসব তথ্য বুঝে পড়তে হবে। অনেকের কাছে সন, তারিখ প্রভৃতি মনে রাখা একটি জটিল বিষয়, তাই কোনোভাবেই অবহেলা করে ফেলে রাখা যাবে না এই বিষয়টি।

সৃজনশীল প্রশ্ন পাঠ্যবইয়ের যেকোনো অধ্যায় থেকেই করা হতে পারে। সে জন্য পাঠ্যবইয়ের সব অধ্যায় ভালো করে পড়ে, বুঝে এবং যেকোনো নতুন পরিস্থিতিতে পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস নিয়মিত অনুশীলনের মাধ্যমে গড়ে তুলতে হবে। এটি কখনো মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, উদ্ধৃতি, মন্তব্য, চিত্র, ছবি ইত্যাদির মাধ্যমেও হতে পারে।

উদ্দীপকটি সাধারণত হয়ে থাকে মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। তোমাদের কাজ হবে সুনির্দিষ্ট ধারণা খুঁজে বের করা। আর সেই ধারণাটিকে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করে তথ্য ও তত্ত্বের সমন্বয়ে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দেওয়া।

সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি অবশ্যই পড়ে নেবে। উদ্দীপকের ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি ভালো করে পড়ে নেবে। ‘গ’ নম্বরের প্রশ্নোত্তর যেন ‘ঘ’ নম্বরের চেয়ে বড় না হয়, সেদিকে লক্ষ রাখবে। মনে রাখবে, ৭টি প্রশ্নের উত্তর যাতে লিখে শেষ করতে পারো, সেভাবে সময়টাকে ভাগ করে নেবে।

 সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর