উত্তর লিখবে প্রশ্ন বুঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ভালো করার জন্য প্রশ্নপত্রের কাঠামো অনুসারে প্রস্তুতি নাও।

১ নং প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ২০টি হবে যোগ্যতাভিত্তিক। সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে। তাই ধারাবাহিকভাবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই সবচেয়ে ভালো। এতে তোমার রিভিশন দিতে সুবিধা হবে। যেমন—
১. শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহারের সঙ্গে নিচের কোন নামটির সম্পর্ক রয়েছে?
ক) পাহাড়পুর খ) ময়নামতি গ) সোনারগাঁ ঘ) লালবাগ দূর্গ
উত্তর: ১. খ. ময়নামতি।
কারণ যোগ্যতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে সাধারণত পরিচিত কোনো বিষয়ের আলোকে। সাধারণ বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়বে। তবেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
২ নং প্রশ্ন: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তর পত্রে লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দসমূহ লিখলে পূর্ণ নম্বর পাবে। যেমন—
প্রশ্ন: ২ (ক) বাংলা ১১৭৬ সালের দুর্ভিক্ষের সময় ইংরেজি সাল ছিল—। উত্তর: (খ) ১৭৭০।
প্রশ্নে দেওয়া পুরো বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দসমূহ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দিলেও হবে। যেমন— প্রশ্ন: (ক) গণতান্ত্রিক মনোভাব একটি — গুণ।
উত্তর:
ক) গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ।
শূন্যস্থান পূরণে পূর্ণ নম্বর পেতে হলে পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া শূন্যস্থান ছাড়াও প্রতিটি অধ্যায় থেকে উপযুক্ত বাক্য বাছাই করে পড়বে।
৩ নং প্রশ্ন: ৩ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রাসঙ্গিক সঠিক তথ্য/তত্ত্ব বাক্যে উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১। তাই দু-একটি বাক্যে যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে, সেগুলোর সঠিক ও যথার্থ উত্তর পড়বে।
৪ নং প্রশ্ন: মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। ক, খ ও গ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক, খ ও গ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। সুতরাং পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে নিয়ে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা অনুসারে কারণ/পার্থক্য/ তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কোনো বিষয় লিখবে না।
অন্য প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর লিখতে হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তরে পাঠ্যবইয়ের দেওয়া তত্ত্ব/তথ্য ছাড়াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য বা তত্ত্ব উল্লেখ করা যাবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্রতিটি উত্তরের ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদা অনুসারে লিখবে।


শিক্ষক
, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা