উত্তর হতে হবে পরিমিত ও সুনির্দিষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, এ বছর থেকে বাংলা ১ম পত্রে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। ‘ক’ বিভাগে (গদ্য) চারটি সৃজনশীল প্রশ্ন থেকে দুটি, ‘খ’ বিভাগ (কবিতা) তিনটি থেকে দুটি, ‘গ’ বিভাগ (সহপাঠ) উপন্যাস দুটি থেকে একটি এবং নাটক দুটি থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। এ ছাড়া অন্য আরেকটি প্রশ্নের উত্তর যেকোনো বিভাগ থেকে করতে পারবে। সাতটি সৃজনশীল উত্তরের জন্য সময় পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে আবার ১১টি উদ্দীপক পড়তে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে, পাঠ্যবইয়ের সঙ্গে মেলাতে হবে। একটি প্রশ্নের উত্তর লেখার জন্য কোনোভাবেই ১৭-১৮ মিনিটের বেশি সময় পাবে না। কাজেই সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া সব প্রশ্নের উত্তর করার কোনো বিকল্প নেই।
সৃজনশীল প্রশ্নপদ্ধতি একটি বিশেষ ধরনের পরীক্ষাপদ্ধতি, এর উত্তর লিখনকৌশলও আলাদা। পুরোনো পদ্ধতিতে যেকোনো একটি বড় প্রশ্নের উত্তরের শুরুতে ভাষার কারুকাজ দিয়ে, অর্থাত্ গরুগম্ভীর শব্দ দিয়ে একটি ভূমিকা লিখতে হতো। যেখানে কবি-সাহিত্যিককেই কেবল নানা বিশেষণে বিশেষায়িত করা হতো। এখন পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর; অর্থাত্ প্রশ্নও থাকবে সুনির্দিষ্ট, উত্তরও হবে সুনির্দিষ্ট।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটিমাত্র শব্দে দিতে পারি। একটি পূর্ণবাক্য লেখার দরকার নেই। পূর্ণবাক্য না লিখলেও তুমি এখানে পূর্ণ ১ নম্বরই পাবে। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে, জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে, সেটার বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।
অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি-সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ‘জিরো ফ্যাট’ অর্থাত্ চর্বিশূন্য। শুধু অনুধাবনেই নয়, কোনোক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।
প্রয়োগমূলক প্রশ্ন: প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে, অর্থাত্ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প বা কবিতার যে দিকটির সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকে, সেটাই জ্ঞান। বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন।
উচ্চতর দক্ষতার প্রশ্ন: আমরা জানি, উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকে। যদি সিদ্ধান্তটি ঠিক হয় তাহলে সেটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করব যে সিদ্ধান্তটি ঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয়, তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে, তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই, সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি বা সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়াই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে।

আগামীকাল থাকবে
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সংখ্যা-২

মাস্টার ট্রেইনার, প্রভাষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা