উত্তরপত্রে প্রাসঙ্গিকতা ও সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের থাকে নানা বিচিত্র অভিজ্ঞতা। খাতা দেখে তাঁরা কখনো বিরক্ত হন, কখনো মুগ্ধ হন। দুর্বোধ্য ও অপ্রাসঙ্গিক বক্তব্যে ভরা খাতা দেখে তাঁরা যারপরনাই বিরক্তিবোধ করেন আবার যথাযথ ও পরিচ্ছন্ন লেখায় সাজানো উত্তরপত্র দেখে কখনো কখনো তাঁরা অভিভূত হন। একই পরীক্ষায় নানা মানের উত্তরপত্র তাঁদের হাতে পড়ে। মাসুদ ও চন্দ্রারানী দেবনাথের কথা আজও আমার মনে পড়ে। তারা দুজন আমার অপরিচিত শিক্ষার্থী নয়, তারা ছিল সরাসরি আমার ছাত্র। নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নম্বর জেনে মাসুদ অসন্তুষ্ট। আমার সঙ্গে দেখা করে অভিযোগ করল এত কম নম্বর সে কোনোভাবেই পেতে পারে না। কারণ, তার দাবি অনুযায়ী সে ভালো লিখেছে। লেখা মোটামুটি ভালো, লিখেছেও যথেষ্ট, তা ছাড়া প্রয়োজনীয় চিত্রাদিও অংকন করেছে যত্ন করে। তার অনুযোগ-অসন্তুষ্টির মুখে তার উত্তরপত্রটি খুঁজে বের করতে হলো। দেখা গেলো হাতের লেখা ও অংকন ভালো হলেও প্রতিটি উত্তরেই অপ্রাসঙ্গিক আলোচনায় ভরা। ফলে দৃশ্যত উত্তরপত্রটি সুন্দর হলেও তা ছিল অন্তঃসারশূন্য। যত্ন করে আঁকা ভূগোলের চিত্রের চিহ্নিতকরণে দেখা গেল গরমিল। পৃথিবীর নিয়তবায়ুপ্রবাহে দক্ষিণ-পূর্ব বাণিজ্যবায়ুর দিকনির্দেশক তীর চিহ্নগুলোতে তীরের মাথা আঁকা হয়েছে উল্টো দিকে অর্থাত্ দক্ষিণ-পূর্ব দিকে—যদিও লেখায় সঠিক বিবরণ দেওয়া হয়েছে। এ রকম নানা অসংগতি, ভুল দেখে মাসুদকে সেদিন স্বীকার করে নিতে হয়েছিল যে তার প্রাপ্ত নম্বরটিই ছিল যথাযথ প্রাপ্য। অন্যদিকে চন্দ্রার খাতা মূল্যায়ন করে মুগ্ধ হয়ে তাকে জানিয়েই দিলাম যে সে যদি এই মান ধরে রেখে আরও একটু ভালো করতে পারে তাহলে সে জাতীয় সেরা মেধাতালিকায় স্থান করে নিতে পারবে। প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক উত্তর, চমত্কার হাতের লেখা, কাটাছেঁড়াহীন লেখার উপস্থাপনা, সযত্নে আঁকা চিত্র আর খাতার শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রশ্নোত্তরে মাত্রা ও মান বজায় রেখে লেখা এই খাতায় বানানের ভুলও ছিল খুবই কম। স্নাতক চূড়ান্ত পরীক্ষায় চন্দ্রারানী দেবনাথ সে বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। মাসুদ আর চন্দ্রার ফলাফল মূল্যায়ন করে শিক্ষার্থী-পরীক্ষার্থীরা সতর্ক প্রস্তুতি নিতে পার আগে থেকেই। পড়াশোনা যতটাই করে থাক, পরীক্ষার হলে কিছু বিষয় সব সময় মনে রাখতে হবে। সেগুলো নিচে আলোচনা করছি। প্রাসঙ্গিকতা: প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অর্থাত্ প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তা-ই লিখতে হবে। খাতার পাতা ভরে অন্য কোনো কাল্পনিক বিষয় লিখলেও নম্বর পাওয়া যাবে না। কেননা পরীক্ষকেরা কেবল পাতা ভরা লেখা দেখেই নম্বর দেন না। তাঁদের অতটা বোকা ভাবাও ঠিক হবে না। উত্তরমালা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। প্রথমেই ভালোভাবে প্রশ্নটি বুঝে নিতে হবে। কেবল বিষয়টি দেখেই লেখা শুরু করে দেওয়া ঠিক না। নির্ধারিত বিষয়ে কোনো দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা হয়েছে এবং কী চাওয়া হয়েছে তা বুঝেই উত্তর লিখতে হবে। বানিয়ে লেখার কথা: বানিয়ে লেখার কথা প্রায়ই শোনা যায় শিক্ষার্থী-পরীক্ষার্থীদের মুখে। বানিয়ে লেখার মানে নিজের ভাষায় লেখা। অর্থাত্ তা হুবহু বই কিংবা নোট-গাইডের ভাষায় নয়। এ ক্ষেত্রেও অবশ্যই লেখার বিষয় ঠিক থাকতে হবে। প্রশ্নে কী চাওয়া হয়েছে তা বুঝেই উত্তর লিখতে হবে। অর্থাত্ প্রাসঙ্গিক হতে হবে। অন্য কোনো বিষয় বানিয়ে লিখলে হবে না। লেখা ও বানান: যথাযথ উত্তরের সঙ্গে সঙ্গে সঠিক বানানে পরিচ্ছন্ন ও সুন্দর লেখা নম্বরপ্রাপ্তিতে বিশেষ সহায়ক। সহজবোধ্য নির্ভুল ও সুন্দর লেখা শিক্ষার্থীর মান সম্পর্কে ভালো ধারণা দেয়। উপস্থাপনা: কাটাছেঁড়াহীন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই মানের লেখা উত্তরপত্রের মানকেই বাড়িয়ে দেয়। খাতার শুরুতে সুন্দরভাবে লিখলেও শেষের দিকে কারও কারও লেখা খুবই খারাপ হয়ে থাকে। মূলত সময়ের সংকটজনিত দ্রুত লেখার জন্যই লেখা খারাপ হয়ে থাকে। এ জন্য প্রশ্নের উত্তর লেখায় সময় সম্পর্কে সজাগ থাকতে হবে। যথাযথ উত্তর না জানা থাকায় কেবল পাতা ভরার জন্য প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন বক্তব্য উপস্থাপন কিংবা লেখার অক্ষর বড় বড় করে লিখে থাকে কেউ কেউ। এতে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। অন্য সতর্কতা: যেসব বিষয়ে চিত্র, মানচিত্র, গ্রাফ, সারণি কিংবা উদ্ধৃতির প্রয়োজন হয়, যেসব ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা দরকার। চিত্রের চিহ্নিতকরণে যেমন একটি মানচিত্রের ক্ষেত্রে নর্থলাইন বা স্কেল না দেখায় কিংবা নিচের দিককে ‘পূর্ব’ চিহ্নিত করে তাহলে তার অজ্ঞতাই প্রমাণিত হবে। গ্রাফ, সারণি ইত্যাদির ক্ষেত্রে বিবরণ অনুযায়ী সঠিক হতে হবে। অপূর্ণ চিত্র কিংবা চিহ্নিতকরণে উল্টাপাল্টা করলে তা নম্বর প্রাপ্তিতে সহায়ক হবে না। ওপরের আলোচনা থেকে সহজেই বোঝা যায় যে একজন পরীক্ষার্থী নিজের অজ্ঞতার জন্য ভুলভাবে উত্তরপত্র উপস্থাপন করার পরও আত্মতৃপ্তি করতে পারে। অর্থাত্ পরীক্ষা দিয়ে নিজের আত্মতৃপ্তিই বড় কথা নয় বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের অজ্ঞাতেই ভুল হতে পারে, সে বিষয়ে সতর্কতা ও প্রস্তুতি থাকতে হবে। মাসুদ ও চন্দ্রার উত্তরপত্রের উদাহরণ নিয়ে এ লেখা শুরু করেছিলাম। আশা করি শিক্ষার্থী ও পরীক্ষার্থী হিসেবে তোমরা তা মনে রাখবে এবং তোমাদের আগামীদিনের পরীক্ষাগুলো আরও নির্ভুল ও ফলদায়ক করে তুলবে।