
প্রতিদিন সকাল থেকেই ৬৩ একরের ক্যাম্পাসটা মুখরিত হয়ে ওঠে হাজার চল্লিশেক শিক্ষার্থীর কলতানে। ক্লাসের ফাঁকে ফাঁকে সবুজ ক্যাম্পাসে জমে ওঠে আড্ডা। বলা হচ্ছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কথা।
বৃষ্টি খন্দকার পড়ছেন এই কলেজের ইংরেজি বিভাগে। থাকেন কলেজের ছাত্রী হোস্টেল বেগম রোকেয়া হলে। বৃষ্টি বলেন, ‘স্নাতকোত্তর পরীক্ষা শেষ হলেই প্রিয় ক্যাম্পাসটা ছাড়তে হবে। এ কথা ভেবে এখন থেকেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছি, বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করে যদি আবার কখনো এই ক্যাম্পাসে শিক্ষক হয়ে ফিরে আসতে পারতাম, কত না মজা হতো।’
গণিতের শিক্ষার্থী নাফিউর নূরের স্বপ্নটা বৃষ্টি খন্দকারের মতো নয়। দিনভর বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে হই-হুল্লোড়ের মধ্য দিয়ে স্বপ্নের দিন কাটালেও ক্যাম্পাসজীবন শেষে স্বপ্ন দেখছেন কোনো ব্যাংকে চাকরি করবেন।
এক বছর আগে মাস্টার্স শেষ করেছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহিকুল ইসলাম। তিনি বলেন, ‘পরিবারের স্বপ্নপূরণ করতেই ক্যাম্পাসটা ছাড়তে হবে; কিন্তু প্রিয় ক্যাম্পাসটার মায়ায় এখনো তা ছাড়তে পারছি না।’
ফারজানা, আরশি আমিন, শারমিন আর শামিম সাতসকালেই ক্যাম্পাসে হাজির। সবুজ চত্বরের লেকের পাড়ে জমে উঠেছে এই চার বন্ধুর ক্যাম্পাস-আড্ডা।
আরশি আমিন বলেন, ‘স্বপ্ন দেখি একদিন বিচারক হব। তার আগে ক্যাম্পাসের দিনগুলো বন্ধুদের সঙ্গে উপভোগ করতে চাই।’
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শামিম বলেন, ‘দেশসেরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে স্বপ্ন দেখি, শুধু ডিগ্রি অর্জনের জন্য শিখব না; নিজেকে দেশের জন্য কাজে লাগাতে সুশিক্ষিত হব। দেশকে কিছু দেওয়ার চেষ্টা করব।’
ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে শহীদ মিনার চত্বরে আড্ডা জমে উঠেছিল গণিতের শিক্ষার্থী নাঈম হাসান, আবু সুফিয়ান, ফারহানা আর প্রিয়ন্তির। সেই আড্ডা মাতাচ্ছিলেন ব্যবস্থাপনার ছাত্র ফেরদৌস আলম।
ফেরদৌস বলেন, ‘বাবার স্বপ্ন পড়াশোনা শেষ করে যেন পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিই। তবে আমার ইচ্ছে ভালো কোনো ব্যাংকে চাকরি করার।’
নাঈম হাসান বলেন, ‘খুব স্বপ্ন ছিল এই কলেজে পড়ার। উচ্চমাধ্যমিক পাসের পর যখন এখানে ভর্তির সুযোগ পেলাম, তখন মনে হচ্ছিল চাঁদটাকেই হাতে পেলাম।’
গণিত বিভাগের শিক্ষার্থী হলেও কলেজের অতীত ইতিহাস সম্পর্কে বেশ জ্ঞান রাখেন ঝুমুর দেবনাথ। তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর মতো খ্যাতনামা শিক্ষাবিদের স্মৃতিঘেরা এই কলেজের আমি একজন শিক্ষার্থী। ভাবতেই বুকটা গর্বে ভরে যায়।’ এ রকম হাজারো শিক্ষার্থীর গর্বের প্রতিষ্ঠান এই সরকারি আজিজুল হক কলেজ।
কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, ২৩টি বিষয়ে স্নাতক ও ২০টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয় এই ক্যাম্পাসে। উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি (পাস) কোর্সেও বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়ছেন এখানে। এর বাইরে তথ্যপ্রযুক্তি-বিষয়ক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং বিদেশি ভাষা শিক্ষার ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্সও চালু রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভারতবর্ষের সাবেক শিক্ষামন্ত্রী স্যার আজিজুল হকের কল্যাণে ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ।