প্রভাষক, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায়নীতি ও প্রয়োগ বিষয়টিতে এই বছর থেকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিষয়টির অন্তর্গত দুই পত্রের সিলেবাস, প্রশ্নপদ্ধতি, নম্বর বণ্টন ও সময় ব্যবস্থাপনার ওপর পর্যাপ্ত ধারণা পেয়েছ। এ বিষয়ের সম্পূর্ণ পাঠ্যবই অনুশীলন করবে। যতটুকু পড়বে সঙ্গে সঙ্গে ততটুকু লিখলে পরীক্ষার সময় সহজভাবে উত্তর করতে পারবে। # সৃজনশীল প্রশ্নপদ্ধতির দুটি অংশ: বহুনির্বাচনী ও ব্যাখ্যামূলক (সৃজনশীল প্রশ্ন)। উভয় অংশে মুখস্থ করে উত্তর দেওয়ার ক্ষেত্র সীমিত। বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নে কিছু প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থী মুখস্থ করে দিতে পারে, কিছু প্রশ্ন শিক্ষার্থী পাঠ্যবইয়ের বিষয়বস্তু বুঝে উত্তর দেবে। কিছু প্রশ্ন থাকে, যার মাধ্যমে শিক্ষার্থী পাঠ্যবইয়ের যে বিষয়বস্তুগুলো আত্মস্থ করেছে তা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারে, তা দেখা হবে। আরও কিছু প্রশ্ন থাকবে যার মাধ্যমে শিক্ষার্থী আগের জানা তথ্য ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে বিচার-বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাকে দেখা হবে। তাই পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় মনোযোগের সঙ্গে পড়বে। অধ্যায়ভুক্ত তথ্যসমূহ তালিকাভুক্ত করে অধ্যয়ন করলে নৈর্ব্যক্তিক অংশে ভালো করা সম্ভব। অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে, তা নিজের মতো করে তালিকাভুক্ত করে লেখার অভ্যাস করবে। এ ক্ষেত্রে নতুন সংস্করণের বইকে ব্যবহার করবে। # বহুনির্বাচনী ও জ্ঞানমূলক অংশ আয়ত্তে আনতে সম্পূর্ণ বই ভালো করে পড়বে। # বহুনির্বাচনী উত্তরপত্রে বৃত্তগুলো ভরাট করার পর উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই গুনে দেখবে সব প্রশ্নের উত্তর দিয়েছ কি না। # পরীক্ষার আগের দিন পর্যন্ত এ বিষয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ে রিভিশন দিতে থাকবে।# সৃজনশীল পদ্ধতিতে পরিমিত প্রশ্নে পরিমিত উত্তরই কাম্য। অপ্রাসঙ্গিক অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে প্রদান করাই ভালো। # বহুনির্বাচনী প্রশ্নের কোনো বিকল্প থাকে না। ০১ নম্বরের প্রশ্নের উত্তর দিতে গড়ে ১ মিনিট পাওয়া যায়। তাই উভয়পত্রে (৪০+৪০)=৮০ নম্বরের জন্য ৮০ মিনিট বরাদ্দ। সঠিক উত্তরটি কালো বল পয়েন্ট কলম দিয়ে সম্পূর্ণ বৃত্ত ভরাট করবে। # বহুনির্বাচনী অংশ ও সৃজনশীল অংশ আলাদা আলাদাভাবে পাস করতে হবে।