ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ষষ্ঠ সমাবর্তন কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান।সমাবর্তন ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উত্সবের আমেজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকৃবিতে দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ষষ্ঠ সমাবর্তন। এবারের সমাবর্তনে ২০০০ থেকে জানুয়ারি-জুন ২০১০ সাল পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত ১২ হাজার ৬৯৩ জন শিক্ষার্থীর মধ্যে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ৪৬৮ জন, মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত ৯৮ জন এবং ৬২ জন পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীকে মূল সার্টিফিকেট দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন অনুষদের ১৮ জন স্নাতক এবং ১০৬ জন মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বাকৃবির আচার্য মো. জিল্লুর রহমান, স্বাগত ভাষণ দেবেন বাকৃবির উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কৃষিনীতির পরিচালক প্রভু পিঙ্গালি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ।