প্রিয় পরীক্ষার্থী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের নম্বর বণ্টন ও প্রশ্ন কাঠামো একই।
সৃজনশীল প্রশ্নের প্রথম অংশে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৩০টি। নম্বর থাকবে ৩০। মনে রেখো, ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ১২-১৫টি থাকবে জ্ঞানমূলক। সেগুলোর উত্তর তুমি ১০-১২ মিনিটেই শেষ করে ফেললে অন্য বহুনির্বাচনি প্রশ্ন যেমন বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য ১৮-২০ মিনিট সময় পাবে। এতে যথেষ্ট চিন্তা করে বহুপদী সমাপ্তি সূচক ও অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ বহুপদী সমাপ্তিসূচক ও অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন সরাসরি বই থেকে হয় না। এ ক্ষেত্রে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ব্যবহার করতে হয়। এতে যথেষ্ট চিন্তা করে উত্তর নির্বাচন করতে হয়।
এবার থেকে পরীক্ষার শুরুতেই বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্নের পরীক্ষার পরে ২ ঘণ্টা ৩০ মিনিটের সৃজনশীল (উদ্দীপক) অংশের পরীক্ষা দিতে হবে।
এ বছর থেকে সৃজনশীল (উদ্দীপক) অংশে মোট ১১টি উদ্দীপকের মধ্যে ৭টি উদ্দীপকের উত্তর দিতে হবে। প্রতিটি উদ্দীপকের নম্বর থাকবে ১০। সর্বমোট ৭০ নম্বর। এ ক্ষেত্রে উদ্দীপকের উত্তরের প্রকৃতি যেমন হতে পারে:
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় প্রশ্ন দুটি অর্থাত্ জ্ঞানমূলক প্রশ্ন (ক) ও অনুধাবনমূলক প্রশ্ন (খ) উদ্দীপক বহির্ভূত বিষয় থেকে হয়।
জ্ঞানমূলক প্রশ্নের (ক) উত্তর তুমি দুই বা তিন লাইনের মধ্যে শেষ করতে পার। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের থেকে সংজ্ঞা মুখস্থ করেও লিখতে পারো। উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্নে পূর্ণরূপ জানতে চাইলে যেমন: EU-এর পূর্ণরূপ চাইলে অবশ্যই শুদ্ধ বানানে পূর্ণরূপ লিখতে হবে। এ ক্ষেত্রে ভুল বানানের জন্য ১ নম্বরে প্রশ্নের উত্তরে তোমাকে শিক্ষক ০ (শূন্য) দেবেন।
‘খ’ উদ্দীপকের প্রশ্ন অর্থাত্ অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে ব্যাখ্যা করো বা কেন দিয়ে। যেমন: কোম্পানি সংগঠনের দায় সসীম কেন? অথবা, ব্যবস্থাপনা কি সর্বজনীন? ব্যাখ্যা করো। মনে রাখবে, প্রথমে জ্ঞান অর্থাত্ বিষয়টিকে সংজ্ঞায়িত করা, পরে বিষয়টির অনুধাবন বা বৈশিষ্ট্যভিত্তিক আলোচনা করা উচিত। এ ক্ষেত্রে তুমি সর্বোচ্চ চার মিনিট সময় ব্যয় করতে পারবে। এর চেয়ে বেশি সময় ব্যয় করলে উদ্দীপকের প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরের জন্য যথাযথ সময় না-ও পেতে পারো।
উদ্দীপকের তৃতীয় প্রশ্নটি অর্থাত্ প্রয়োগমূলক প্রশ্নটি সম্পূর্ণরূপে উদ্দীপককেন্দ্রিক। তাই অবশ্যই উদ্দীপক ভালোভাবে পড়ে এ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের মান হচ্ছে ৩। সর্বোচ্চ ৭ মিনিটের মধ্যে উত্তর শেষ করতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে প্রথম প্যারায় জ্ঞানমূলক উত্তর যেমন যদি প্রশ্নের উত্তর হয় ‘উদ্দীপকে পাবলিক লিমিটেড কোম্পানির কথা বলা হয়েছে’ তাহলে প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞান অংশে বলতে হবে ‘উদ্দীপকে পাবলিক লিমিটেড কোম্পানির কথা আলোচিত হয়েছে’।
পরে কেন উক্ত প্রতিষ্ঠানটিকে পাবলিক লিমিটেড কোম্পানি বলছে, সেটা ব্যাখ্যা করতে হবে। এ ক্ষেত্রে মনে রেখো, উদ্দীপকের পুরোটাই তুলে দেওয়ার দরকার নেই; বরং যে লাইনটি বা লাইনগুলো তোমার উত্তরের সঙ্গে সম্পৃক্ত শুধু সে লাইনই কথা প্রসঙ্গে তুলে ধরবে।
সৃজনশীল প্রশ্নের উদ্দীপক অংশের শেষ প্রশ্নটিকে বলে ‘উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন’। এ ক্ষেত্রে মনে রাখতে হবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরটি অবশ্যই উদ্দীপক সংশ্লিষ্ট হবে। জ্ঞানমূলক অংশে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরের সপক্ষে একমত হওয়া অথবা তোমার যদি মনে হয় অসম্মত হওয়া উচিত, তাহলে তুমি সেটিই লিখবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মূল বিষয়টির সংজ্ঞা দিতে পারো। যদি তুমি মনে করো, কোনো উদ্দীপকের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরে তুমি এ মতে পৌঁছাও যে বর্তমান পরিস্থিতিতে অংশীদারি ব্যবসায় থেকে যৌথমূলধনি ব্যবসায় সংগঠন স্থাপন যুক্তিযুক্ত তাহলে উচ্চতর দক্ষতামূলক অংশে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। এ অংশটিতে তোমার উত্তরকে যুক্তি দিয়ে প্রমাণ করার জন্য বিশদ আলোচনা করতে হবে।
প্রভাষক, সিটি কলেজ, ঢাকা