
পুরো নাম ঊষাণ আরা বাদল। পরিচিতজনদের কাছে জুডো আর ‘কারাতের ঊষাণ’ নামে হাঁকডাক তাঁর। আর হবেই না কেন? ঊষাণের ঝুলিতে আছে বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত চতুর্থ জাপান কাপের একটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে ২০১৩ সালের বাংলাদেশ গেমসের ফাইনাল রাউন্ড পর্যন্ত খেলেছেন তিনি।
ঊষাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। পড়ার বাইরে জুডো-কারাতে, ফটোগ্রাফি আর ঘোরাঘুরিতেই যত মনোযোগ আর ধ্যানজ্ঞান তাঁর। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজপড়ুয়া ঊষাণের ছোটবেলার পড়াশোনার গল্প সত্যিই যেন রূপকথা। মন বসে না পড়ার টেবিলে টাইপের আরকি! কিন্তু সেই ঊষাণ সব সময়ই মানসম্পন্ন ফল করত। ভিকারুননিসা, ঢাকা বিশ্ববিদ্যালয় পেরিয়ে এখন তাঁর স্বপ্ন, উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যাওয়া। তিনি জানান,‘মার্স্টাস শেষ করেই ফ্রান্সে পরিবেশের ওপর পড়তে যেতে চাই। বাংলাদেশের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে চাই।’
ইংরেজি ছাড়াও ঊষাণ চীনা, ফরাসি ও স্প্যানিশ ভাষার ওপর তালিম নিয়েছেন। কাজ চালানোর মতো কথাও বলতে পারেন এই তিন ভাষায়।
বাবা মনিরুজ্জামান বাদল ও মা শামীম আরার একমাত্র মেয়ে ঊষাণ। পৈতৃক ভিটা বাগেরহাটের শরণখোলা হলেও বেড়ে ওঠা ঢাকায়। ছায়ানটে বেশ কিছুদিন নজরুলসংগীত শিখেছেন। ইয়োগাতেও আছে আগ্রহ। ২০১২ সালের প্রথম জাতীয় ইয়োগা চ্যাম্পিয়ানশিপে ঊষাণ দ্বিতীয় স্থান লাভ করেন। আর এরই মধ্যে ইয়োগার ওপরে এক ডিপ্লোমা সনদও আছে তাঁর ঝুলিতে।
কৈশোরে বঙ্কিমচন্দ্রের বই আর হ্যারিপটার ছিল সব মনোযোগের কেন্দ্র। হ্যারির বন্ধু হারমাইওনি হওয়ার স্বপ্নে অনেক রাত কেটেছে তাঁর। হ্যারি ও হারমাইওনি সব অসাধ্য সাধন করত জাদুর ছড়ি দিয়ে। ঊষাণের জাদুর ছড়ি নেই, তিনি নিজেই সেই জাদু।