উড়ালসড়কের মহাকাব্য
অবসান হলো দীর্ঘ প্রতীক্ষা আর সব জল্পনা-কল্পনার। কাজ শুরু করার চার বছর পর ২৬ অক্টোবর খুলে দেওয়া হলো ২ দশমিক ১১ কিলোমিটার দৈর্ঘ্যের মগবাজার-মৌচাক উড়ালসড়ক। এই বিশেষ স্থাপনার নির্মাণকাজের গতির ব্যাপারে নিজেদের মতামত জানালেন গতিসংশ্লিষ্ট কয়েকজন। শুনে শুনে লিখেছেন শরীফ মজুমদার

শামুক
এই উড়ালসড়কের কথা উঠলেই সবাই যে শব্দটা প্রথম উচ্চারণ করে, সেটা হচ্ছে ‘শম্বুকগতি’! আমি অত্যন্ত আনন্দিত যে এমন আলোচিত একটি উড়ালসড়কের নামের সঙ্গে আমার নামটাও পরোক্ষভাবে যুক্ত। আরেকটু বেশি খুশি হতাম, যদি এটার নাম হতো ‘মগবাজার-মৌচাক শম্বুকগতি উড়ালসড়ক’।

কচ্ছপ
আমি আসলে মানুষকে ঠিক বুঝতে পারি না। তারা এই বলে ‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস’, খানিকক্ষণ বাদেই ভোল পাল্টে বলবে ‘গতিই জীবন’। এই ডাবল স্ট্যান্ডার্ডগিরি কেন? খরগোশকে গোহারা হারিয়ে আমিই দেখিয়েছি যে ধীর-স্থিরতাই সাফল্যের চাবিকাঠি। তাহলে মগবাজার-মৌচাক উড়ালসড়কের নির্মাণকাজের ধীরগতি নিয়ে অহেতুক সমালোচনা কেন, হোয়াই? এই ব্যাপারটা আমাকে বেশ আপসেট করেছে। এ ছাড়া পৃথিবীর বিখ্যাত অনেক স্থাপনা নির্মাণও ছিল বেশ সময়সাপেক্ষ। যেমন তাজমহল, এটা নির্মাণে সময় লেগেছে ২০ বছর, গিজার পিরামিড তৈরিতে লেগেছে ২০ বছর। হাজার হাজার শ্রমিক দিনে দশ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কাজ করেও স্ট্যাচু অব লিবার্টি নির্মাণ করতে লাগিয়েছে পাক্কা নয় বছর। আর এই যে চীনের মহাপ্রাচীর নিয়ে এত আলোচনা হয়, সেটা নির্মাণে কত বছর লেগেছে, সে বিষয়ে কারও কোনো আইডিয়া আছে? দুই হাজার বছর! তাহলে? গুরুত্ব বিবেচনায় মগবাজার-মৌচাক উড়ালসড়কও তেমনি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেটা তৈরিতে একটু সময় লাগবে না? তুড়ি বাজালেই হয়ে যাবে?

শ্লথ
আমাদের মতো অবহেলিত আর অনগ্রসর শ্রেণির প্রাণীর জন্য এ এক বিরাট প্রাপ্তি। এত দিন আমাদের গতি নিয়ে খালি খোঁটাই দিয়ে গেছে মানুষ। এবার যদি একটু ইতিবাচক হয় আমাদের ইমেজটা। কারণ, এই উড়ালসড়কের কথা উঠলেই সবাই যে শব্দটা প্রথম উচ্চারণ করে, সেটা হচ্ছে ‘শ্লথগতি’। আমি অত্যন্ত আনন্দিত যে এমন আলোচিত একটি উড়ালসড়কের নামের সঙ্গে আমার নামটাও পরোক্ষভাবে যুক্ত। আরেকটু বেশি খুশি হতাম, যদি এটার নাম হতো ‘মগবাজার-মৌচাক শ্লথগতি উড়ালসড়ক’।

ইন্টারনেট এক্সপ্লোরার
আমাকে দিয়ে কিছু ডাউনলোড করতে বসলে নাকি তরুণ পরিণত হয় বৃদ্ধে। কম গতির মাধ্যমে মানুষের জীবনে এমন পরিবর্তন কেবল আমিই আনতে পারতাম। কিন্তু সম্প্রতি আমার এক যোগ্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছি! অভিনন্দন, মগবাজার... (বাকিটুকু ডাউনলোড হচ্ছে!)