এ বছর আর খুলছে না শাহজালাল বিশ্ববিদ্যালয়!
এ বছর আর খুলছে না সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যদের বৈঠকে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া শিক্ষকদের এ তথ্য জানান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হন। এর পর থেকে বন্ধ রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈঠক সূত্রে জানা গেছে, আজ বিকেলে সাস্টিয়ান শিক্ষকদের (শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন এবং পরে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন) একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। চলতি মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বলে উপাচার্য তাঁদের জানান।
এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষক হয়েছি। তাই এ বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই তাগিদ থেকেই ক্লাস ও পরীক্ষা শুরু করার বিষয়ে কথা বলতে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছি। তিনি আমাদের বলেছেন, “বিশ্ববিদ্যালয় এ বছর আর খোলা সম্ভব নয়। সবার সঙ্গে আলোচনা করে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়া হবে।”’
বৈঠকে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। তাই ক্লাস-পরীক্ষা চালুসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি।’
উপাচার্যের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এ এইচ এম বেলায়েত হোসেন, শাহ মো. আতিকুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, সেবক কুমার সাহা, মোহাম্মদ মুরাদ, মহিবুল আলম, ফখরউদ্দিন, রোমেল ভূইয়া, পাভেল শাহরিয়ার প্রমুখ।