এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী তুলে দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করায় চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষক। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে শিক্ষকেরা এ পরামর্শ দেন। এর জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, তাদেরও সুপারিশ থাকবে একটি পরীক্ষাই থাকুক। তবে বিষয়টি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হতে হবে।

‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে সহযোগিতা করে জার্নি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেন, পঞ্চম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা এ বছরই বন্ধ করে দেওয়া উচিত। এটা উঠিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তিনি শুধু স্কুল পর্যায়ে অঙ্ক ও ভাষার ওপর পরীক্ষা নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, ‘জাতীয়ভাবে এ পরীক্ষা নিয়ে শিশুদের ওপর চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়াই কাম্য। অষ্টম শ্রেণি পর্যন্ত যেহেতু প্রাথমিক শিক্ষা হয়ে গেছে, তাহলে অষ্টম শ্রেণি শেষেই এ সমাপনী হওয়া উচিত।

শিক্ষকদের এসব বক্তব্যের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, তাদেরও সুপারিশ থাকবে একটি পরীক্ষাই থাকুক। তবে এ বছর থেকেই এটি উঠিয়ে দেওয়ার সুপারিশ থাকবে কি না, মন্ত্রী তা স্পষ্ট করেননি।

সেমিনারে মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সিদ্দিকুর রহমান। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে নতুন কারিকুলাম তৈরিসহ বেশ কয়েকটি সুপারিশ করেন।

সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ূন খালিদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার বজলুল হক, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।