এআইইউবিতে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন আইসিসিএ-২০২২ শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারির (এসিএম) সহযোগিতায় এআইইউবি ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী ‘দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট (আইসিসিএ-২০২২) শুরু হয়েছে। এ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ ও বিদেশের কম্পিউটারবিজ্ঞানের বিভিন্ন শাখার একাডেমিক ও প্রযুক্তিগত ইন্ডাস্ট্রির গবেষক ও বিশেষজ্ঞরা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আজ উদ্বোধনী বক্তব্য দেন এআইইউবির উপাচার্য কারমেন জিটা লামাগনা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন এ বি এম সিদ্দিক হোসেন। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য দেন খন্দকার তাবিন হাসান।
১২ মার্চ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন বুয়েটের অধ্যাপক সেলিয়া শাহনাজ। আর সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাসানুল এ হাসান। এআইইউবির ডিন, শিক্ষক, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিষয়ে প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ, গবেষকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত থাকবেন।
তিন দিনের এ সম্মেলনে একই সঙ্গে বিভিন্ন অধিবেশনের আয়োজন করা হয়েছে, যাতে বিশেষজ্ঞ ও গবেষকেরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন। অধিবেশনগুলোতে কম্পিউটারবিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন অ্যালগরিদম অ্যান্ড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিগ-ডেটা ইত্যাদি বিষয়ে গবেষণা প্রবন্ধ পরিবেশন করা হচ্ছে। উল্লেখ্য, অধিবেশনে উপস্থাপিত প্রবন্ধগুলো পরে এসিএম ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশ করার জন্য জমা দেওয়া হবে। এ সম্মেলনের সহযোগিতায় আছে প্রথম আলো। বিজ্ঞপ্তি