এইউডব্লিউর এডুকেশন ডে

১ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল ঢাকার আর্মি গলফ ক্লাবে। প্রথম আলোর সহযোগিতায় আয়োজিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ‘এডুকেশন ডে’তে অংশ নিতেই আগ্রহী ছাত্রীদের এই ভিড়। এডুকেশন ডের সুযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, স্কলাস্টিকা, হলি ক্রস, আগা খান স্কুলসহ ঢাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের একটা দিনব্যাপী মিলনমেলাও হয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রীসহ আমন্ত্রিত অতিথিরা। স্কুলের ছাত্রীরা ঘুরে ঘুরে তাদের সঙ্গে কথা বলেছে, পরামর্শ নিয়েছে। জেনেছে চট্টগ্রামে অবস্থিত এই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। বিভিন্ন বিখ্যাত ব্যক্তির গল্প বলে তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এ ছাড়া প্রশ্ন করা ও যুক্তি দিয়ে চিন্তা করার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানটির রেডিও পার্টনার ছিল এবিসি রেডিও।
এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। অথবা ফোন করতে পারেন এই নম্বরে: ০১৯২৬৬৭৩০১৬। এইউডব্লিউর পরবর্তী সেশনের ভর্তি কার্যক্রম চলবে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।